• হোম > আন্তর্জাতিক | জাতীয় > হাসিনার ফেরার ঘোষণা ও পানিচুক্তি, চাপে ঢাকা-দিল্লি সম্পর্ক

হাসিনার ফেরার ঘোষণা ও পানিচুক্তি, চাপে ঢাকা-দিল্লি সম্পর্ক

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৬:১৮
  • ১২

---

ইবি আন্তর্জাতিক ডেস্ক 

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং গঙ্গার পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ—দুই বিষয় ঘিরে নতুন চাপ তৈরি হয়েছে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কে। আগামী মাসে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং চুক্তির মেয়াদ শেষ হওয়ার বিষয়টি দুই দেশের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

দেশে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি তৈরি পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনও পরিস্থিতিকে জটিল করছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি, অগ্নিসংযোগ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে। বুধবার সরকার ও বিরোধী দল যেকোনো সংঘাত মোকাবিলায় জাতীয় ঐক্যের কথা বলেছে। নাশকতা প্রতিরোধের প্রত্যয়ও জানিয়েছে তারা।

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসের প্রতিবেদনে বলা হয়েছে, একদিকে পোশাকশ্রমিকেরা মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন। অন্যদিকে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন সামনে রেখে আওয়ামী লীগের সমর্থকেরা সংগঠিত হওয়ার চেষ্টা করছেন বলে খবর পাওয়া যাচ্ছে। এসব পরিস্থিতি সামাল দিতে চাপে রয়েছে নয় মাস বয়সি বিএনপি সরকার।

হাসিনার ফেরার ঘোষণায় রাজনৈতিক অনিশ্চয়তা

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা হয়। এক বছর আগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড দেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দেশে ফেরার কথা বলে আসছেন শেখ হাসিনা। মৃত্যুদণ্ডের রায় সত্ত্বেও আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে বাংলাদেশে ফিরতে চান বলে বিভিন্ন সময়ে জানিয়েছেন তিনি। আওয়ামী লীগের অন্য নেতারাও আদালতে আত্মসমর্পণের প্রস্তুতির কথা বলেছেন।

অন্যদিকে প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে আসছে ঢাকা। এ বিষয়ে বাংলাদেশের সরকারি প্রতিনিধিরা কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। তবে হাসিনার দেশে ফেরার ঘোষণা নতুন করে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি করেছে।

আওয়ামী লীগের এক নেতার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার প্রত্যাবর্তন ও পরবর্তী পরিস্থিতির ওপর দলটির ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে। বিএনপি নেতাদের অভিযোগ, তাঁর দেশে ফেরার আগে আওয়ামী লীগ অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। সরকারও নিষিদ্ধ সংগঠনটির বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলেছে। তবে আওয়ামী লীগের সমর্থকেরা বলছেন, শেখ হাসিনা আইনি ও রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশে ফিরতে চান। নির্বাসনে থেকে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগও তাঁরা প্রত্যাখ্যান করেছেন।

গঙ্গার পানিচুক্তি নিয়ে অনিশ্চয়তা

রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়াও দুই দেশের সম্পর্কে উদ্বেগ তৈরি করেছে। মেয়াদ শেষ হতে এক মাসেরও কম সময় বাকি থাকলেও নতুন আলোচনা শুরুর বিষয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

বাংলাদেশের একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বক্তব্য তুলে ধরা হয়েছে। গত ৯ আগস্ট তিনি বলেছিলেন, দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে অনেক দ্বিপক্ষীয় সমস্যার সমাধান হতে পারে। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার মনে হয়, দুই নেতা বৈঠকে বসলে অনেক সমস্যার সমাধান সম্ভব।’

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবিরও দুই প্রধানমন্ত্রীর বৈঠকের পক্ষে মত দিয়েছেন। তাঁর মতে, এমন বৈঠকে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে সমঝোতা হতে পারে। নতুন চুক্তি না হওয়া পর্যন্ত স্বল্প সময়ের জন্য মেয়াদ বাড়ানো কিংবা পর্যালোচনার জন্য এক বা দুই বছর সময় নেওয়ার প্রস্তাবও বিবেচনা করা যেতে পারে।

গত আগস্টে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য তাঁকে ভারত সফরের আমন্ত্রণ জানাতে আগ্রহী নয়াদিল্লি। তবে প্রস্তাবিত বৈঠকের সময়কে তাৎপর্যপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছিল। নয়াদিল্লি থেকে একাধিকবার আমন্ত্রণ জানানো হলেও ঢাকা এখনো আনুষ্ঠানিকভাবে সাড়া দেয়নি।

সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজের গত আগস্টের এক পর্যবেক্ষণেও বিষয়টি উঠে আসে। সেখানে বলা হয়েছিল, শেখ হাসিনাকে ফেরত চেয়ে দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ। তাঁর দেশে ফেরার ঘোষণা অভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিরতা বাড়াতে পারে এবং দ্বিপক্ষীয় সম্পর্কে চাপ তৈরি করতে পারে।

এদিকে দেশের মোট রপ্তানি আয়ের পাঁচ ভাগেরও বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। তাই শ্রমিকদের মজুরি আন্দোলন সামাল দেওয়ার পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক চাপ মোকাবিলা করতে হচ্ছে সরকারকে। একই সময়ে হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন এবং গঙ্গার পানিচুক্তির ভবিষ্যৎ নিয়ে ভারতকেও কূটনৈতিক সিদ্ধান্ত নিতে হবে।

সূত্র: বিবিসি


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23234 ,   Print Date & Time: Thursday, 19 November 2026, 10:39:33 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh