• হোম > দেশজুড়ে | সুনামগঞ্জ > সুনামগঞ্জে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ

সুনামগঞ্জে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৬:১৮
  • ১৫

---

ইবি রিপোর্ট  

সুনামগঞ্জের তাহিরপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ব্যাংকটির প্রবেশদ্বারে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে নাইটগার্ডের সতর্কতা এবং স্থানীয় বাসিন্দাদের দ্রুত পদক্ষেপে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ব্যাংকটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের নীরবতার মধ্যে দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের তাহিরপুর শাখার প্রবেশদ্বারে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় ব্যাংকের ভেতরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন নাইটগার্ড হরি দাশ বর্মন। আগুন দেখতে পেয়ে তিনি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ব্যাংকের সামনে ছুটে আসেন এবং আগুন নেভানোর কাজে অংশ নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকাণ্ডে ব্যাংকের দুটি কাঠের দরজা এবং বিদ্যুৎ মিটারের তার পুড়ে গেছে। তবে আগুন ব্যাংকের ভেতরে ছড়িয়ে পড়েনি। ফলে সেখানে থাকা আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র, অর্থসহ অন্যান্য মালামাল অক্ষত রয়েছে। স্থানীয়দের তাৎক্ষণিক উদ্যোগের কারণে ক্ষয়ক্ষতি সীমিত রাখা সম্ভব হয়েছে।

গ্রামীণ ব্যাংকের সুনামগঞ্জ শাখার এরিয়া ম্যানেজার বিপুল চন্দ্র রায় জানান, রাত ২টার দিকে দুর্বৃত্তরা ব্যাংকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখতে পেয়ে নাইটগার্ড চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসেন। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ব্যাংকের দুটি কাঠের দরজা ও বিদ্যুৎ মিটারের তার পুড়ে গেছে বলে জানান তিনি।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন দিলেও তাদের উদ্দেশ্য সফল হয়নি। অল্পের জন্য বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তাৎক্ষণিকভাবে পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসায় দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ ঘটনায় ব্যাংকের প্রবেশদ্বারের দুটি কাঠের দরজা ও বিদ্যুৎ মিটারের তার ক্ষতিগ্রস্ত হলেও ভেতরে থাকা অর্থ, কাগজপত্র, আসবাবপত্র এবং অন্যান্য মালামাল নিরাপদ রয়েছে। নাইটগার্ডের সতর্কতা এবং স্থানীয় বাসিন্দাদের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে গ্রামীণ ব্যাংকের তাহিরপুর শাখা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23232 ,   Print Date & Time: Thursday, 19 November 2026, 10:39:31 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh