• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় ৬০ লাখ ডলার বিনিয়োগ করবে জয়ফুল

চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় ৬০ লাখ ডলার বিনিয়োগ করবে জয়ফুল

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৬:১৫
  • ১৭

---

ইবি রিপোর্ট

চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) নতুন পোশাক কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে সিঙ্গাপুর ও চীনের মালিকানাধীন প্রতিষ্ঠান জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেড। এ প্রকল্পে ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। কারখানাটি চালু হলে ২ হাজার ২৩০ জন বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারের জন্য বছরে ২৫ লাখ পিস উচ্চমানের পোশাক উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে কোম্পানিটি।

এ বিনিয়োগ বাস্তবায়নের লক্ষ্যে বুধবার (১৮ নভেম্বর) ঢাকার বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে জমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে জয়ফুল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

নতুন কারখানাটি চট্টগ্রাম ইপিজেডের পুরোনো প্রতিষ্ঠান সিয়ামস সুপিরিয়র লিমিটেডের সাবেক কারখানা প্রাঙ্গণে স্থাপন করা হবে। প্রতিষ্ঠানটি ২০২৪ সালের আগস্টে তাদের কার্যক্রম বন্ধ করে দেয়। পরবর্তী সময়ে বেপজার নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে কারখানার যন্ত্রপাতি এবং অবকাঠামো নিলামে তোলা হয়।

উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দর প্রস্তাব করে জয়ফুল এসব সম্পদ অধিগ্রহণ করে। এ জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন নেওয়া হয়। এখন ওই অবকাঠামো ব্যবহার করেই নতুন পোশাক উৎপাদনকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

বছরে ২৫ লাখ পোশাক উৎপাদনের লক্ষ্য

জয়ফুলের পরিকল্পনা অনুযায়ী, কারখানাটিতে প্রতিবছর ২৫ লাখ পিস উচ্চমানের পোশাক তৈরি করা হবে। উৎপাদিত পণ্যের তালিকায় রয়েছে হান্টিং স্যুট, প্রযুক্তিনির্ভর ও পানিরোধী আউটারওয়্যার, উইন্ডব্রেকার, কমব্যাট জ্যাকেট, ট্রেঞ্চ কোট, ওভারকোট, প্যাডেড জ্যাকেট, ডাউন জ্যাকেট, ডেনিম জ্যাকেট, ক্যাজুয়াল জ্যাকেট, স্কি জ্যাকেট, কটন জ্যাকেট, পাফার পার্কা এবং পশমের তৈরি আউটারওয়্যার।

প্রতিষ্ঠানটি এসব পণ্য ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের প্রধান রপ্তানি বাজারগুলোতে সরবরাহ করতে চায়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন এবং জয়ফুলের ব্যবস্থাপনা পরিচালক হান জুনশিয়াও নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিনিয়োগকারীদের সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাস বেপজার

চট্টগ্রাম ইপিজেডে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ায় জয়ফুলকে ধন্যবাদ জানান বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। তিনি বলেন, প্রচলিত বিধিবিধান মেনে বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সেবা নিশ্চিত করবে বেপজা।

একই সঙ্গে জয়ফুলের ব্যবসায়িক অংশীদারদেরও বেপজার বিভিন্ন অঞ্চলে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করার আহ্বান জানান তিনি।

অন্যদিকে, চট্টগ্রাম ইপিজেডে কারখানা স্থাপনের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন জয়ফুলের ব্যবস্থাপনা পরিচালক হান জুনশিয়াও। তিনি জানান, ২০২৭ সালের মার্চের মধ্যে কারখানার সংস্কারকাজ সম্পন্ন করে উৎপাদন কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লেফটেন্যান্ট কর্নেল মো. মহসীন হাসান, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজ, সংস্থাটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জয়ফুলের প্রতিনিধিরা।

প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম ইপিজেডে নতুন উৎপাদন সক্ষমতা তৈরির পাশাপাশি ২ হাজার ২৩০ জন বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23228 ,   Print Date & Time: Thursday, 19 November 2026, 10:39:32 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh