• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > বিনিয়োগের খাত সম্পর্কে জানেন না ৭০ শতাংশ নারী: জরিপ

বিনিয়োগের খাত সম্পর্কে জানেন না ৭০ শতাংশ নারী: জরিপ

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৬:১২
  • ১১

---

ইবি রিপোর্ট

মূল্যস্ফীতির চাপে সঞ্চিত অর্থের প্রকৃত মূল্য ধরে রাখতে বিকল্প বিনিয়োগের সুযোগ সম্পর্কে সচেতনতা প্রয়োজন। কিন্তু দেশের প্রায় ৭০ শতাংশ নারীই জানেন না, সঞ্চয়ের অর্থ বিভিন্ন খাতে কীভাবে বিনিয়োগ করা যায়। পুরুষদের মধ্যে এ বিষয়ে ধারণা নেই ৫৯ শতাংশের। আর্থিক সচেতনতা ও অন্তর্ভুক্তির চিত্র তুলে ধরা এক জাতীয় জরিপে নারী-পুরুষের এই ব্যবধান উঠে এসেছে।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘বাংলাদেশ ন্যাশনাল ফিন্যান্সিয়াল ইনক্লুশন সার্ভে ২০২৫’-এর ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য উপস্থাপন করা হয়। জরিপ অনুযায়ী, দেশের ৬৪.৫০ শতাংশ মানুষ আর্থিক অন্তর্ভুক্তির আওতায় রয়েছেন। অন্যদিকে, এখনো এ সুবিধার বাইরে রয়েছেন প্রায় ৩৫ শতাংশ মানুষ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‍্যাপিড) চেয়ারম্যান এম আবদুর রাজ্জাক। তিনি বলেন, সুদ ও আসলের হিসাব সম্পর্কে দেশের মানুষের মোটামুটি ধারণা থাকলেও মূল্যস্ফীতির কারণে অর্থের ক্রয়ক্ষমতা কমে যাওয়ার বিষয়টি নিয়ে সচেতনতার ঘাটতি রয়েছে।

তিনি বলেন, ‘মূল্যস্ফীতি ৮ শতাংশের বেশি, অথচ ব্যাংকে আমানতের সুদের হার এর চেয়ে কম। ফলে প্রকৃত সুদের হার ঋণাত্মক হয়ে পড়ছে। কিন্তু ব্যাংকের বাইরেও যে সঞ্চয়ের অর্থ বিনিয়োগ করা যায়, তা গ্রামের নারীরা ঠিকভাবে বুঝতে পারেন না।’

জরিপে দেখা গেছে, বেশি মুনাফার বিনিয়োগে ঝুঁকির পরিমাণও বেশি—এ বিষয়টি বোঝেন ৭৯ শতাংশ নারী ও ৮৬ শতাংশ পুরুষ। অন্যদিকে, সুদ ও আসল সম্পর্কে ধারণা রয়েছে ৬৯ শতাংশ নারীর এবং ৭৭ শতাংশ পুরুষের।

লিঙ্গবৈষম্য ও মোবাইল ফোনের মালিকানা

আর্থিক সেবায় অংশগ্রহণের ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। মোবাইল প্রযুক্তি ব্যবহারের সুযোগে অসমতা এবং নারীদের নিজস্ব আয়ের অভাবকে এর অন্যতম কারণ হিসেবে দেখা হয়েছে জরিপে।

তথ্য অনুযায়ী, দেশের ৫৫.৭ শতাংশ নারীর নিজস্ব মোবাইল ফোন নেই। বিপরীতে, পুরুষদের মধ্যে ৮২.৫ শতাংশের ব্যক্তিগত মোবাইল ফোন রয়েছে।

এ বিষয়ে আবদুর রাজ্জাক বলেন, ‘আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে সবচেয়ে বড় ঘাটতি দেখা যাচ্ছে নারীদের মধ্যে। বিশেষ করে যেসব নারীর নিজস্ব আয় নেই, তাদের ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) হিসাব ব্যবহারের হার তুলনামূলকভাবে কম।’

ব্যাংক হিসাবের ব্যবহারেও নারী-পুরুষের মধ্যে ভিন্নতা রয়েছে। বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্স গ্রহণে পুরুষদের তুলনায় নারীরা ব্যাংক হিসাব বেশি ব্যবহার করেন। এ ক্ষেত্রে নারীদের হার ২৬.১ শতাংশ, যেখানে পুরুষদের হার ১১.৫ শতাংশ। অর্থাৎ রেমিট্যান্স গ্রহণে ব্যাংক হিসাব ব্যবহারের প্রবণতা নারীদের মধ্যে ২.৩ গুণ বেশি।

অন্যদিকে, বেতন কিংবা অন্যান্য আয় গ্রহণের ক্ষেত্রে পুরুষদের ব্যাংক হিসাব ব্যবহারের হার বেশি। পুরুষদের ক্ষেত্রে এ হার ২৯.৬ শতাংশ, নারীদের ক্ষেত্রে ১৮.৯ শতাংশ।

নারী-পুরুষ উভয়ের ব্যাংক হিসাব খোলার প্রধান উদ্দেশ্য সঞ্চয় এবং অর্থ নিরাপদে রাখা। হিসাবধারী নারীদের ৬২.৭ শতাংশ ও পুরুষদের ৫৮.৪ শতাংশ সঞ্চয়ের জন্য ব্যাংক হিসাব ব্যবহার করেন। আর অর্থ নিরাপদে রাখার উদ্দেশ্যে হিসাব ব্যবহার করেন ৩৫.৭ শতাংশ নারী এবং ৩৬.৫ শতাংশ পুরুষ।

ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার সীমিত

ব্যাংক ও এমএফএস সেবার বিস্তার ঘটলেও টাকা পাঠানো এবং গ্রহণের বাইরে ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার এখনো কম। ব্যাংক হিসাবধারীদের মাত্র ৮ শতাংশ ডেবিট কার্ড ব্যবহার করেন। অন্যদিকে, এমএফএস হিসাবধারীদের মধ্যে মোবাইল অ্যাপ ব্যবহারকারীর হার ২১ শতাংশ।

এম আবদুর রাজ্জাক জানান, নারী এমএফএস ব্যবহারকারীদের ৮৩.১ শতাংশ এবং পুরুষ ব্যবহারকারীদের ৯০.৩ শতাংশ মূলত টাকা পাঠানো ও গ্রহণের কাজে এ সেবা ব্যবহার করেন। বিল পরিশোধসহ অন্যান্য আর্থিক কার্যক্রমে এমএফএস ব্যবহারের হার ৪ শতাংশেরও নিচে। লেনদেনের পরপরই নগদ টাকা তুলে না নিয়ে ডিজিটাল মাধ্যমেই অর্থ রাখার আহ্বান জানান তিনি।

বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, গ্রামাঞ্চলে ব্যাংকের শাখা দূরে হওয়া এবং সেখানে যাতায়াতের ব্যয় আর্থিক সেবা গ্রহণের পথে বাধা সৃষ্টি করছে।

তিনি জানান, এমএফএস ব্যবহারকারীদের প্রায় ৩৪ শতাংশ ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা দামের সাধারণ ফিচার ফোন দিয়ে লেনদেন করেন। যাদের নিজস্ব মোবাইল ফোন নেই, তাদের বাড়তি খরচ করে দূরের ব্যাংক শাখায় যেতে হয়।

কামাল কাদীর আরও বলেন, এমএফএসের মাধ্যমে আর্থিক সেবা দেওয়ার ব্যয় কমছে। তবে কোন পর্যায়ে কীভাবে এই ব্যয় কমছে, তা বুঝতে আরও বিশ্লেষণ প্রয়োজন।

আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে ব্যাংকার ও নিয়ন্ত্রকদের তাগিদ

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, পরিচালন ব্যয় বেশি হওয়ায় দুর্গম এলাকায় প্রচলিত ব্যাংকের শাখা স্থাপন কঠিন। এ কারণে গ্রামীণ জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কার্যকর ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান। অধিবেশনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন।

তিনি বলেন, আর্থিক বিষয়ে মানুষের সচেতনতা বাড়লে ব্যাংক হিসাব খোলার প্রবণতাও বৃদ্ধি পাবে। বাংলাদেশ ব্যাংকের আসন্ন নীতিমালায় নারী ও প্রান্তিক জনগোষ্ঠীকে আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় আনার বিষয়টি গুরুত্ব পাবে বলেও জানান তিনি।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব কামরুল হক মারুফ বিমা খাতের সম্ভাবনা কাজে লাগানোর ওপর জোর দেন। তিনি বলেন, বিমা কোম্পানিগুলোর দাবি নিষ্পত্তিতে এখনো ধীরগতি রয়েছে। এ সমস্যা সমাধানে সরকার কাজ করছে। পাশাপাশি বন্যাকবলিত জনগোষ্ঠী, হতদরিদ্র মানুষ এবং চরাঞ্চলের বাসিন্দাদের বিমার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) অধ্যাপক আহসান হাবিব, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম এবং বাংলাদেশ ব্যাংকের এনএইউ বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিচালক শাহানা ফেরদৌসী


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23224 ,   Print Date & Time: Thursday, 19 November 2026, 10:29:22 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh