![]()
ইবি রিপোর্ট
ময়মনসিংহের চার উপজেলায় সাবেক দুই সংসদ সদস্যের বাসভবন, ইউনিয়ন পরিষদ কার্যালয়, ব্যক্তিগত গাড়ি ও পার্কিং করে রাখা বাসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত ঈশ্বরগঞ্জ, ফুলপুর, ফুলবাড়িয়া ও ভালুকায় এসব ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার মধ্যরাতে ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান সুমনের বাসভবনে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় বাড়িটিতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
একই রাতে ফুলপুর উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি অ্যাডভোকেট আবুল বাসার আকন্দের বাড়িতে হামলা হয়। দুর্বৃত্তরা বাড়িটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ ছাড়া পেট্রোল ঢেলে আগুন দেওয়ারও চেষ্টা করে তারা।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, রাতের আঁধারে কেউ এসে সাবেক বিএনপি এমপির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে। এতে বাসার জানালার পর্দা পুড়ে যায়। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে ফুলবাড়িয়া উপজেলার ৬ নম্বর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঢুকে চেয়ারম্যানের কক্ষে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। অন্যদিকে, ভালুকা উপজেলায় জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তফা কামালের একটি ব্যক্তিগত গাড়ি ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
ভালুকায় পার্কিং করা বাসে আগুন
বৃহস্পতিবার ভোর পৌনে চারটার দিকে ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ‘মীর এক্সপ্রেস’ নামের একটি বাসে আগুন দেওয়া হয়। স্কয়ার ফ্যাশন-সংলগ্ন সড়কে দাঁড়িয়ে থাকা বাসটির ভেতরে তখন একজন কর্মী ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার পর তিনি অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হন।
খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থলে যায়। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় ভোর ৪টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, আগুনে বাসটির ভেতরের আসন ও জানালার কাচ পুড়ে গেছে। তবে ইঞ্জিন অক্ষত রয়েছে। প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা।
তবে বাসটির মালিক গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার বাসিন্দা মো. শফিকুল ইসলাম দাবি করেন, আগুনে তার পুরো বাস পুড়ে গেছে। তিনি জানান, ছয় মাস আগে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে বাসটি কিনেছিলেন। গাড়ি কেনা ও মেরামত বাবদ তার প্রায় ২১ লাখ টাকার ঋণ রয়েছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, রাতের বেলায় দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।