![]()
ইবি রিপোর্ট
দেশের বাজারে সোনার দাম কমার ধারা অব্যাহত রয়েছে। বুধবারের পর বৃহস্পতিবারও মূল্যবান এই ধাতুর দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সব মিলিয়ে টানা সাত দফায় ভরিপ্রতি সোনার দাম কমেছে সর্বোচ্চ ১৭ হাজার ৫৫৪ টাকা। আজকের দফায় সর্বোচ্চ কমেছে ৩ হাজার ২৬৬ টাকা। তবে রুপার দাম আগের মতোই রয়েছে।
বৃহস্পতিবার সকালে সোনার নতুন দাম ঘোষণা করে বাজুস। এর আগে ৬ ও ১১ নভেম্বর দুই দফায় ভরিতে ২ হাজার ৭৪১ টাকা করে কমানো হয়। দুই দফায় মোট কমে ৫ হাজার ৪৮২ টাকা।
এরপর গত বৃহস্পতিবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা এবং শুক্রবার ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়। চলতি সপ্তাহের শনিবার কমে আরও ২ হাজার ২১৬ টাকা। গতকাল বুধবারও একই পরিমাণ কমানো হয়েছিল। সর্বশেষ আজকের দরপতনের মধ্য দিয়ে টানা সাত দফায় সোনার দাম কমল।
নতুন নির্ধারিত দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১২ হাজার ১১০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৫৪৫ টাকা। ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭৩ হাজার ৯৬৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪২ হাজার ১৮৪ টাকা।
আজকের দাম গত ১ নভেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। তবে নভেম্বরের শুরুতে ২ থেকে ৫ নভেম্বরের মধ্যে সোনার দাম প্রায় ১২ হাজার টাকা বেড়েছিল। তখন প্রতি ভরির দাম ২ লাখ ২৯ হাজার টাকা ছাড়িয়ে যায়।
বিশ্ববাজারেও সোনার দরপতন
সোনার দাম কমানোর কারণ হিসেবে দেশে তেজাবি সোনার দাম কমার কথা জানিয়েছে বাজুস। তেজাবি সোনা বলতে খাঁটি সোনাকে বোঝানো হয়। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে সোনার দরপতনও দেশের বাজারে দাম কমার পেছনে ভূমিকা রেখেছে।
গতকাল বুধবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম সর্বোচ্চ ১৩৭ ডলার কমেছে। এতে বিশ্ববাজারে সোনার দাম ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা ১৬ মিনিটে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ছিল ৩ হাজার ৭২৫ ডলার ৪৯ সেন্ট। গত এক মাসে প্রতি আউন্স সোনার দাম কমেছে ২৭০ ডলার। ছয় মাসের হিসাবে দর কমেছে ৬৭০ ডলার।
বাজুস জানিয়েছে, সোনা ও রুপার নির্ধারিত দামের সঙ্গে মূল্য সংযোজন কর (ভ্যাট) যুক্ত রয়েছে। ফলে অলংকার বিক্রির ক্ষেত্রে নির্ধারিত দামের সঙ্গে ভ্যাটের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।