• হোম > জাতীয় | দেশজুড়ে | বানিজ্য > এক মাসের মধ্যে নির্ধারিত হবে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ

এক মাসের মধ্যে নির্ধারিত হবে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৫:০৪
  • ৩০

---

ইবি রিপোর্ট 

দীর্ঘদিনের আর্থিক সংকটে থাকা পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আগামী এক মাসের মধ্যে ব্যাংকটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। ইতিমধ্যে ব্যাংকটিকে রেজোল্যুশন প্রক্রিয়ার আওতায় নেওয়ার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ।

গত মঙ্গলবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। এই সিদ্ধান্তের ফলে পদ্মা ব্যাংককে একীভূত, পুনর্গঠন কিংবা অবসায়নের মতো পদক্ষেপ নেওয়ার পথ তৈরি হয়েছে। তবে কোন পদ্ধতি অনুসরণ করা হবে, তা এখনো নির্ধারিত হয়নি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান আজ প্রথম আলোকে বলেন, পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের পর পদ্মা ব্যাংক আর স্বতন্ত্র ব্যাংক হিসেবে থাকছে না। ব্যাংকটিকে একীভূত করা হতে পারে। বিকল্প হিসেবে পুনর্গঠন বা অবসায়নের সিদ্ধান্তও আসতে পারে। তবে চূড়ান্ত পদ্ধতি নির্ধারণে আরও সময় লাগবে। আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে রেজোল্যুশন প্রক্রিয়ার মাধ্যমে পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। এসব ব্যাংকে বিনিয়োগ করে মালিকানা নেয় সরকার।

শুরু থেকেই অনিয়মের অভিযোগ

রাজনৈতিক বিবেচনায় ২০১২ সালে সাবেক ফারমার্স ব্যাংককে অনুমোদন দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠার পর থেকেই ব্যাংকটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। তবে রাজনৈতিক প্রভাবের কারণে অভিযোগ থাকা সত্ত্বেও ব্যাংকটির কার্যক্রম চলতে থাকে। প্রতিষ্ঠাকালে ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

পরবর্তী সময়ে অনিয়ম ও আর্থিক সংকটে গ্রাহকদের আস্থা হারাতে থাকে ব্যাংকটি। পরিস্থিতি সামাল দিতে ২০১৭ সালে ব্যাংকটির প্রভাবশালী উদ্যোক্তাদের পদ ছাড়তে হয়। এরপর প্রতিষ্ঠানটিকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যাংকটির নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক রাখা হয়। কিন্তু নাম বদলালেও সংকট কাটেনি।

ব্যাংকটিকে টিকিয়ে রাখতে সরকারি চারটি ব্যাংক ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) মূলধন সহায়তা দেয়।

পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যবসায়ী চৌধুরী নাফিজ সরাফাত পদ্মা ব্যাংকের চেয়ারম্যান হন। বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও গ্রাহকদের আস্থা ফেরানো সম্ভব হয়নি। ২০২৪ সালের শুরুতে তিনি চেয়ারম্যানের পদ ছাড়েন। এরপরও বাংলাদেশ ব্যাংক বিভিন্ন নীতিসহায়তা ও সুবিধা দেয়। তবে এসব উদ্যোগেও ব্যাংকটির আর্থিক অবস্থার উন্নতি হয়নি।

বিপুল পরিমাণ খেলাপি ঋণের কারণে ব্যাংকটির আর্থিক পরিস্থিতি আরও দুর্বল হয়ে পড়ে। এমন অবস্থায় গত বছর বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব-সাইট সুপারভিশন ব্যাংকটিকে একীভূত বা অবসায়নের মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। এ জন্য ব্যাংক রেজোল্যুশন ডিপার্টমেন্টকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়।

এর ধারাবাহিকতায় পদ্মা ব্যাংককে রেজোল্যুশন প্রক্রিয়ায় নেওয়ার প্রস্তাব কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদে তোলা হয়। গত মঙ্গলবার সেই প্রস্তাব অনুমোদন পেয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23203 ,   Print Date & Time: Thursday, 19 November 2026, 09:29:09 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh