![]()
ইবি রিপোর্ট
বরিশাল নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে নগরের বটতলা এলাকায় একদল বিক্ষুব্ধ নেতাকর্মী এ হামলা চালান বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা নানকের বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে বাড়িটির কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। একপর্যায়ে বাসভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এদিকে, আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বরিশালের বিভিন্ন সড়ক ও মহাসড়কে অগ্নিসংযোগ করে প্রতিবন্ধকতা তৈরির ঘটনাও ঘটেছে। বুধবার রাতে বরিশাল-ঢাকা ও বরিশাল-খুলনা মহাসড়কের পৃথক কয়েকটি স্থানে গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর সৈয়দ শামসুদ্দোহা আবিদ নিজের ফেসবুক পেজে দুটি ভিডিও প্রকাশ করে এসব কর্মসূচির কথা জানান। তার দাবি, সাবেক সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতের পক্ষ থেকে মহানগর যুবলীগের নেতাকর্মীরা পৃথকভাবে এসব কর্মসূচি পালন করেছেন।
আবিদের দেওয়া তথ্য অনুযায়ী, বরিশাল-ঢাকা মহাসড়কের নগরের গড়িয়ারপাড় এলাকায় এবং বরিশাল-খুলনা মহাসড়কের একটি স্থানে অবরোধ করে বিক্ষোভ করা হয়। তবে বরিশাল-খুলনা মহাসড়কের নির্দিষ্ট স্থানটি তিনি উল্লেখ করেননি।
ফেসবুকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে তাতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এ সময় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে তাদের স্লোগান দিতে শোনা যায়। তবে বিক্ষোভকারীদের সবার মুখে মুখোশ থাকায় তাদের পরিচয় ও সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি।
ঘটনাগুলো নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, মেট্রোপলিটন পুলিশের আওতাধীন মহাসড়কের কোনো অংশে অবরোধ বা প্রতিবন্ধকতা তৈরির বিষয়ে তাদের কাছে কোনো খবর ছিল না।
এ ছাড়া বুধবার রাতে বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর রাজীব হোসেন খানের অনুসারীদের বিরুদ্ধেও গড়িয়ারপাড় এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ উঠেছে। তবে ওই প্রতিবন্ধকতাও বেশিক্ষণ স্থায়ী হয়নি।