• হোম > জাতীয় | বাংলাদেশ > ‘এনাফ ইজ এনাফ’, ষড়যন্ত্রকারীদের জবাব দিতে হবে: তারেক রহমান

‘এনাফ ইজ এনাফ’, ষড়যন্ত্রকারীদের জবাব দিতে হবে: তারেক রহমান

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৪:৫৮
  • ১১

---

ইবি রিপোর্ট  

দেশে আবারও সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে অভিযোগ করে এর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে। তাদের সমুচিত জবাব দিতে হবে।’ একই সঙ্গে জনগণের অধিকার ও দেশের ভবিষ্যৎ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক বিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি আবারও সহিংসতা ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। তাদের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে যথাযথ জবাব দিতে হবে। দেশের মানুষ আর গুম-খুনের রাজনীতি দেখতে চায় না। তারা নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাপনের পরিবেশ প্রত্যাশা করে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে গণতান্ত্রিক সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। ২০২৪ সালের মতো আবারও সবাইকে একসঙ্গে হওয়ার সময় এসেছে। জনগণের অধিকার রক্ষা এবং দেশের ভবিষ্যৎ নিরাপদ রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

তিনি আরও বলেন, ‘এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে। তাদের সমুচিত জবাব দিতে হবে। জনগণ ও দেশের ভাগ্য নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, সে জন্য সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিতে হবে।’

লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, তখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তার ভাষ্য, ১৬ বছর ধরে যারা জনগণের বুকে বন্দুক তাক করে ক্ষমতায় ছিল, তারা আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

তারেক রহমান বলেন, ‘যে দেশে তারা পালিয়ে গেছে, সেই দেশই তাদের প্রভু। তাদের প্রভুদের খুশি করতে তারা আবারও ষড়যন্ত্র করছে। ছাত্র-জনতা জীবন দিয়ে যে অধিকার প্রতিষ্ঠা করেছিল, ষড়যন্ত্রকারীরা সেই অধিকার কেড়ে নিতে চায়। পালিয়ে গিয়েও তারা অগ্নিসন্ত্রাস করছে এবং মানুষ হত্যা করছে।’

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে যে পরিবর্তন এসেছে, তা রক্ষা করতে সবাইকে সচেতন থাকতে হবে। পরাজিত শক্তির বিভিন্ন তৎপরতায় বিভ্রান্ত না হয়ে সরকারের পাশে থাকার জন্য তিস্তা পাড়ের মানুষসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে দিনের প্রথম কর্মসূচিতে প্রধানমন্ত্রী লালমনিরহাট শহরের অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে যান। সেখানে জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় অংশ নেন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরে মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খালের পুনঃখনন কাজের উদ্বোধন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23199 ,   Print Date & Time: Thursday, 19 November 2026, 09:29:11 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh