• হোম > জাতীয় | বাংলাদেশ > প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চাইলেন ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চাইলেন ববি হাজ্জাজ

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৪:৪৬
  • ২২

---

ইবি রিপোর্ট  

প্রাথমিক শিক্ষার গুণগত মান বাড়ানো, শিক্ষার্থীদের শিখনঘাটতি পূরণ এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও কার্যকরভাবে কাজে লাগাতে চায় সরকার। একই সঙ্গে সরকারি-বেসরকারি সব ধারার শিক্ষাপ্রতিষ্ঠানে অভিন্ন মূল্যায়ন ও মনিটরিং ব্যবস্থা চালুর প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমের নেতৃত্বে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।

ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের উদ্দেশ্য শুধু বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রতিটি শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং প্রত্যাশিত শিখনফল অর্জনের সুযোগ তৈরি করাই সরকারের মূল লক্ষ্য। এ লক্ষ্য পূরণে চলমান পিইডিপি-৫-এর কার্যক্রমগুলো আরও যৌক্তিক, সুনির্দিষ্ট ও ফলাফলভিত্তিকভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, প্রকল্পের প্রতিটি কার্যক্রমের লক্ষ্য, বাস্তবায়ন পদ্ধতি এবং জবাবদিহির কাঠামো নির্ধারিত থাকা প্রয়োজন। একই ধরনের কাজ একাধিক প্রকল্পে ভাগ না করে সমন্বিতভাবে বাস্তবায়ন করলে কার্যক্রম আরও কার্যকর হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারি ও বেসরকারি সব ধরনের প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একই মানদণ্ডে মূল্যায়ন এবং মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা দরকার। শিক্ষার্থীদের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা, পিছিয়ে থাকা শিশুদের প্রয়োজন অনুযায়ী সহায়তা এবং শিক্ষকদের প্রশিক্ষণের পাশাপাশি ধারাবাহিক পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে।

এ ক্ষেত্রে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক অভিজ্ঞতা, গবেষণা ও কার্যকর পদ্ধতিগুলো বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োগের আহ্বান জানান তিনি।

বৈঠকে বিশ্বব্যাংকের প্রতিনিধিরা জানান, পিইডিপি-৫ কর্মসূচিতে প্রাথমিক শিক্ষায় প্রবেশাধিকারের পাশাপাশি গুণগত মান, সমতা এবং শিক্ষার্থীদের শিখনফল উন্নয়নের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান, কাঠামোবদ্ধ শিক্ষকতা পদ্ধতি, শিক্ষার্থীদের শিখনঘাটতি পূরণে প্রতিকারমূলক শিক্ষা এবং প্রাক-প্রাথমিক শিক্ষার মান বাড়ানোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তারা আরও জানান, আন্তর্জাতিক পর্যায়ে পরিচালিত বিভিন্ন গবেষণা ও মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের শিখনফল উন্নয়নে কার্যকর এবং ব্যয়সাশ্রয়ী উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী বিশ্বব্যাংক।

বৈঠকে প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী গিয়াস উদ্দিন, প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. দাউদ মিয়া এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্বব্যাংকের পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমে। এ ছাড়া সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23195 ,   Print Date & Time: Thursday, 19 November 2026, 09:17:09 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh