• হোম > রাজধানী > আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৪:৪০
  • ২০

---

ইবি রিপোর্ট  

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সম্ভাব্য নাশকতা, সহিংসতা ও সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশ মোতায়েনের পাশাপাশি চলছে গোয়েন্দা নজরদারি। তবে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর পর্যন্ত ঢাকার কোথাও লকডাউন কর্মসূচির দৃশ্যমান প্রভাব পড়েনি।

কর্মসূচিকে ঘিরে জনসাধারণের মধ্যে চাপা আতঙ্ক থাকলেও রাজধানীর সড়কগুলোতে স্বাভাবিক পরিস্থিতি দেখা গেছে। মহাসড়কেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে নির্ধারিত সময় অনুযায়ী দূরপাল্লার বাস ছেড়ে গেছে। একই সঙ্গে বিভিন্ন জেলা থেকেও ঢাকায় প্রবেশ করেছে দূরপাল্লার পরিবহন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভাব্য নাশকতার পরিকল্পনা এবং গোয়েন্দা তথ্য বিবেচনায় রেখে গুরুত্বপূর্ণ প্রতিটি স্থানে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সাধারণ মানুষের জানমাল রক্ষা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করছে। গাড়ি ভাঙচুর কিংবা ককটেল বিস্ফোরণের মাধ্যমে আতঙ্ক তৈরির চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, এসআরবি ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরা ছদ্মবেশে বিভিন্ন এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নজরদারি চালাচ্ছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদি বলেন, অগ্নিসংযোগ ও সহিংসতার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলের যেকোনো ধরনের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ সতর্ক রয়েছে।

এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, কেউ নাশকতামূলক কর্মকাণ্ড বা সহিংসতা ঘটানোর চেষ্টা করলে তা প্রতিহত করতে তারা বদ্ধপরিকর।

এদিকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সাত জেলায় মোট ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলাগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ ও ফরিদপুর।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও বিভিন্ন এলাকায় নিরাপত্তা এবং নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে—এমন কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন বিজিবি সদস্যরা।

মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকেও প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23192 ,   Print Date & Time: Thursday, 19 November 2026, 09:05:06 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh