![]()
ইবি রিপোর্ট
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের মধ্যে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং একজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও শ্রমিক নেতাদের তথ্য অনুযায়ী, সকাল পৌনে ১০টা পর্যন্ত সাভার ও আশুলিয়ার কোথাও শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া যায়নি। নির্ধারিত সময়ে বিভিন্ন কারখানায় শ্রমিকরা উপস্থিত হলেও কয়েকটি প্রতিষ্ঠানে উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও দায়িত্ব পালন করেন।
এদিকে, বৃহস্পতিবার সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের মোট ৬১টি কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ শ্রম আইন ১৩(১) ধারায় ২৯টি কারখানা বন্ধ রাখা হয়েছে। সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে ১০টি কারখানায়। এছাড়া ১৭টি কারখানায় শ্রমিকরা উপস্থিত হলেও কাজে যোগ দেননি। কাজ না করায় ছুটি দেওয়া হয়েছে আরও পাঁচটি কারখানায়।
দুপুরের দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এসব তথ্য জানান। তিনি বলেন, কয়েকটি কারখানার শ্রমিক কাজে যোগ না দিলেও অধিকাংশ প্রতিষ্ঠানে শান্তিপূর্ণভাবে উৎপাদন চলছিল। তবে পরে জিরাবো পুকুরপাড় এলাকায় পরিস্থিতির অবনতি ঘটে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, বেলা পৌনে ১১টার দিকে কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করলে শ্রমিকরা বের হয়ে সড়কে জড়ো হন। তাদের সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ জানানো হলে একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
পরে বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া সংঘর্ষের বিষয়ে বিস্তারিত জানান। তিনি বলেন, জিরাবো পুকুরপাড়ের অরুণিমা নামের একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। কয়েক দিন বন্ধ থাকার পর গত দুই দিন ধরে কারখানাটিতে উৎপাদন চলছিল। বৃহস্পতিবার সকালে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করেন। কিন্তু কাজে অংশ না নেওয়ায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।
এরপরও শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে হইচই করতে থাকেন। খবর পেয়ে শিল্প পুলিশ, বিজিবি ও ঢাকা জেলা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ প্রথমে সেখানে পৌঁছালে শ্রমিকরা ওপর থেকে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি শান্ত করতে শ্রমিকদের কারখানা থেকে বেরিয়ে যাওয়ার অনুরোধ জানানো হলেও ইটপাটকেল নিক্ষেপ অব্যাহত থাকে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। পরে শ্রমিকদের চলে যাওয়ার জন্য রাস্তা করে দেওয়া হয়।
পুলিশ সুপার আরও জানান, সাধারণ শ্রমিকরা ঘটনাস্থল ত্যাগ করলেও কয়েকজন শ্রমিক পুলিশের দায়িত্বে থাকা গাড়ি ভাঙচুর করেন। এতে দুটি গাড়ির কাচ ভেঙে যায়। এ ঘটনায় একজনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সংঘর্ষে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন শরীরে আঘাত পেয়েছেন এবং প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। অন্য একজনের হাত গাড়ির কাচ ভাঙার সময় কেটে যায়। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।