• হোম > আন্তর্জাতিক | জাতীয় > রিপাবলিকানদের নির্বাচনী প্রচারে অর্থ ঢালাকে ভুল বললেন ইলন মাস্ক

রিপাবলিকানদের নির্বাচনী প্রচারে অর্থ ঢালাকে ভুল বললেন ইলন মাস্ক

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৪:১৭
  • ১৫

---

ইবি আন্তর্জাতিক ডেস্ক 

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের প্রচারে বিপুল অর্থ ব্যয় নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন ইলন মাস্ক। নির্বাচনে দলটির পরাজয়ের পর নিজের সিদ্ধান্তকে বোকামি বলে মন্তব্য করেছেন বিশ্বের শীর্ষ ধনকুবের। তাঁর ভাষ্য, এত অর্থ খরচ করে প্রত্যাশিত সুফল পাননি তিনি।

বুধবার নিউইয়র্ক টাইমসের বার্ষিক ‘ডিলবুক সামিটে’ ভার্চুয়ালি যুক্ত হন মাস্ক। সেখানে তিনি বলেন, নির্বাচনে বিপুল অর্থ ব্যয় করে এখন নিজেকে বেশ বোকা মনে হচ্ছে।

নির্বাচনে ব্যক্তিগত পর্যায়ে সবচেয়ে বড় অনুদানদাতা ছিলেন মাস্ক। রিপাবলিকানদের নির্বাচনী প্রচারে তিনি ৪৪৬ মিলিয়ন ডলার অনুদান দিয়েছিলেন। বিশেষ করে টেক্সাসে দলটির প্রার্থীদের পেছনে বড় অঙ্কের অর্থ ব্যয় করেন তিনি। টেক্সাসেই মাস্কের একাধিক প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে।

ট্রাম্পের দ্বিতীয়বার হোয়াইট হাউসে যাওয়ার প্রচেষ্টায় সমর্থন দিলেও নিজেকে ‘মাগা’ আন্দোলনের অনুসারী মনে করেন না মাস্ক। ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মাগা নই।’ রিপাবলিকান পার্টির নীতির প্রতি অন্ধ আনুগত্যের বিষয়টি তাঁর মধ্যে নেই বলেও জানান তিনি।

মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্র্যাটরা। কয়েক দশক ধরে রিপাবলিকানদের দখলে থাকা কয়েকটি আসনেও জয় পেয়েছে দলটি। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতি নিয়ে অসন্তোষের মধ্যে এই ফলাফল এসেছে। নির্বাচনকে ট্রাম্পের জন্য বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

মাস্ক বলেন, রিপাবলিকানদের প্রচারে অর্থ ব্যয় করে তিনি তেমন কোনো সুফল দেখেননি। তবে তাঁর ধারণা, এই অর্থ ব্যয় না করলে দলটির প্রার্থীদের ফলাফল আরও খারাপ হতে পারত।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে কয়েক মাস বিনা পারিশ্রমিকে সরকারি দায়িত্ব পালন করেন মাস্ক। তিনি বিশেষ সরকারি কর্মচারী ও প্রেসিডেন্টের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করেন। ওই সময় সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে গঠিত ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডজের নেতৃত্বও দেন তিনি।

নির্বাচনের ফলাফল মাস্কের ব্যবসায়িক স্বার্থেও প্রভাব ফেলতে পারে। কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পাওয়ার পর প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে ডেমোক্র্যাটরা। এ ক্ষেত্রে ডেটা সেন্টার নির্মাণ এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কর ছাড়ের বিষয়ও রয়েছে।

জর্জিয়ায় স্পেসএক্সের ডেটা সেন্টার কার্যক্রম সম্প্রসারণ সীমিত করার প্রতিশ্রুতি দিয়েছেন নবনির্বাচিত ডেমোক্র্যাট গভর্নর। একই সঙ্গে এ খাতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কর ছাড় কমানোর কথাও জানিয়েছেন তিনি।

এ ছাড়া ট্রাম্পের পুনর্নির্বাচনের পর স্পেসএক্সের পাওয়া প্রায় ১০ বিলিয়ন ডলারের নতুন সরকারি চুক্তি নিয়েও তদন্তের দাবি তুলেছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। ফলে নির্বাচনের ফলাফল শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, মাস্কের ব্যবসায়িক কর্মকাণ্ডেও প্রভাব ফেলতে পারে।

সূত্র: বিবিসি


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23183 ,   Print Date & Time: Thursday, 19 November 2026, 08:41:05 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh