![]()
ইবি রিপোর্ট
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজন নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে। এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ রাখার হাইকোর্টের নির্দেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী কাজী জয়নাল আবেদীন আবেদন করার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৮ নভেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজন না করার নির্দেশ দেন হাইকোর্ট। রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রুল জারি করেন আদালত। এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জারি করা নির্দেশিকা (সংযুক্তি-বি) অনুসারে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।
রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা জানান, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের জন্য প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী আবেদন করেছেন। তাদের পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশের কথা রয়েছে। অথচ এসব ফল প্রকাশের আগেই ৫ ডিসেম্বর থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল ইউজিসি। শিক্ষার্থীদের আবেদনের বিষয়টি বিবেচনায় নিয়ে হাইকোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন।
এদিকে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার জন্য আবেদনকারী প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থীর ফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশের কথা রয়েছে। এ পরিস্থিতিতে সম্প্রতি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করে ইউজিসি। সেখানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১ ফেব্রুয়ারির পর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ১ জানুয়ারির পর ভর্তি আবেদন কার্যক্রম শুরু করার বিষয়েও আলোচনা হয়।
তবে ইউজিসির ওই বৈঠকের পরও ঢাকা বিশ্ববিদ্যালয় আগের ঘোষিত সময়সূচি অনুসারে ভর্তি পরীক্ষা আয়োজনের কথা জানায়। বিশ্ববিদ্যালয়টির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর ২০২৬ তারিখে আইবিএ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হওয়ার কথা ছিল।
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন আবেদনটি এখন আপিল বিভাগের চেম্বার জজ আদালতে বিবেচনাধীন। এর ফলে আগামী শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ও আয়োজন নিয়ে আদালতের পরবর্তী সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে সংশ্লিষ্টদের।