![]()
ইবি রিপোর্ট
প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে পটুয়াখালীতে বৃষ্টি ও শীতের প্রকোপ বেড়েছে। বুধবার রাত থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে জেলাটিতে। ঘন মেঘে ঢেকে রয়েছে উপকূলীয় এলাকার আকাশ। বৃষ্টি ও ঠান্ডায় জনজীবনে দুর্ভোগ দেখা দিয়েছে। একই সঙ্গে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে উঠেছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এসব তথ্য নিশ্চিত করেন পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী। তিনি বাসসকে আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে তথ্য জানান।
আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। উত্তর দিকে অগ্রসর হওয়ার পর ঘূর্ণিঝড়টি বর্তমানে একই এলাকায় রয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত মধ্যরাতে ঘূর্ণিঝড়টি চারটি সমুদ্রবন্দর থেকে দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থান করছিল। সে সময় পায়রা সমুদ্রবন্দর থেকে এর দূরত্ব ছিল ১ হাজার ৬০ কিলোমিটার। চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে দূরত্ব ছিল ১ হাজার ১৮০ কিলোমিটার। কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ঘূর্ণিঝড়টি ছিল ১ হাজার ১২৫ কিলোমিটার দূরে। আর মোংলা সমুদ্রবন্দর থেকে এর দূরত্ব ছিল ১ হাজার ৭০ কিলোমিটার।
ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার পূর্বাভাস রয়েছে। আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে এটি।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে এই গতিবেগ ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় যেকোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে দেশের নয়টি নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এসব নদীবন্দরের মধ্যে রয়েছে পটুয়াখালী, নোয়াখালী, খুলনা, চট্টগ্রাম ও কক্সবাজার।