• হোম > জাতীয় | প্রধানমন্ত্রী | বাংলাদেশ > আগামী সাড়ে তিন বছরের মধ্যে মহাকাশে যাবে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট

আগামী সাড়ে তিন বছরের মধ্যে মহাকাশে যাবে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৩:৪১
  • ১৫

---

ইবি রিপোর্ট

নিজস্ব প্রযুক্তিতে মহাকাশ গবেষণায় নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্যে কাজ শুরু করেছে বাংলাদেশ। আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে দেশের বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উদ্যোগ বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে বলে জানান তিনি। একই সঙ্গে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনে তরুণ প্রজন্মকে দক্ষ করে তুলতে গবেষণার সুযোগ বাড়ানো এবং আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করেছে।

অনুষ্ঠানে তরুণ গবেষক ও শিক্ষার্থীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আপনারা স্পারসোর নাম শুনেছেন। আমরা ইতোমধ্যে কাজে হাত দিয়েছি। আগামী তিন বছরের মধ্যে আমাদের দেশের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাব। আমাদের বিজ্ঞানীরা এ নিয়ে কাজ করছেন। তারা সবাই বাংলাদেশের বিজ্ঞানী।’

প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিগত বিপ্লবের এ সময়ে তরুণদের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক (এসটিইএম) শিক্ষায় দক্ষ করে তুলতে হবে। পাশাপাশি গবেষণার সুযোগ, আধুনিক গবেষণাগার ও ইনকিউবেশন সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। এসব সুযোগ পেলে দেশের তরুণেরা বৈশ্বিক উদ্ভাবনের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে পারবেন। এজন্য কার্যকর ও মেধাভিত্তিক ইকোসিস্টেম গড়ে তুলতে কাজ করছে সরকার।

তিনি বলেন, আগামী দিনের বিশ্বে নেতৃত্ব দেবে বিজ্ঞান ও প্রযুক্তি। এ দুই ক্ষেত্রে পিছিয়ে পড়লে ব্যক্তি ও দেশ উভয়ই বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে যাবে। তাই তরুণদের এখন থেকেই নিজেদের যোগ্যতা ও দক্ষতা বাড়ানোর প্রস্তুতি নিতে হবে।

তারেক রহমান বলেন, তরুণদের কাজ কেবল বিমান চালনা বা পরিচালনার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। উপযুক্ত পরিবেশ ও সহযোগিতা পেলে বাংলাদেশের তরুণেরা একদিন আকাশ জয় করতে সক্ষম হবে।

এভিয়েশন ও অ্যারোস্পেস খাতের সম্ভাবনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এ দুটি ক্ষেত্র মানবজাতির জ্ঞান, উদ্ভাবনী শক্তি, সাহস ও সুদূরপ্রসারী স্বপ্নের পরিচয় বহন করে। এভিয়েশন আকাশপথে যাতায়াতের সুযোগ তৈরি করে, অন্যদিকে অ্যারোস্পেস পৃথিবীর বায়ুমণ্ডল পেরিয়ে মহাকাশের সম্ভাবনার দুয়ার খুলে দেয়।

তিনি জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ পরিকল্পনা বাস্তবায়নে দেশের একমাত্র এভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান বিশ্বে এভিয়েশন শুধু যাতায়াতের মাধ্যম নয়; আন্তর্জাতিক বাণিজ্য, পর্যটন, চিকিৎসা ও অর্থনৈতিক উন্নয়নেরও অন্যতম চালিকাশক্তি। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, অর্থনীতির ক্রমবর্ধমান বিকাশ, আন্তর্জাতিক বাণিজ্য এবং পর্যটনশিল্পের সম্প্রসারণ এ খাতের সম্ভাবনাকে বাড়িয়েছে।

তরুণদের প্রযুক্তির ব্যবহারকারীর পাশাপাশি উদ্ভাবক হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন তারেক রহমান। তাঁর মতে, প্রত্যেক শিক্ষার্থীর মধ্যেই নতুন কিছু উদ্ভাবন, প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করা এবং অসম্ভবকে সম্ভব করার সম্ভাবনা রয়েছে। এজন্য আত্মবিশ্বাস, সাহস ও নতুন কিছু করার দৃঢ় প্রত্যয় প্রয়োজন।

শিক্ষার্থীদের গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন ধারণা নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে দেশের উন্নয়ন এবং অগ্রযাত্রায় ভূমিকা রাখার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে সরকার তাদের সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন।

তরুণদের উদ্ভাবনী উদ্যোগে অর্থের সংকট যেন বাধা না হয়, সে জন্য সরকার ৫০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে বলে জানান তিনি। নির্ধারিত অর্থ যথাযথভাবে ব্যবহারের পরও অতিরিক্ত প্রয়োজন দেখা দিলে আরও বরাদ্দ দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী।

অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় অংশ নেওয়া গবেষক ও শিক্ষার্থীদের উদ্ভাবন বাস্তব জীবনে প্রয়োগের বিষয়েও গুরুত্ব দেন তিনি। এসব প্রযুক্তি যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কৃষিকাজে সহায়তা এবং দুর্যোগ মোকাবিলায় কীভাবে ব্যবহার করা যায়, তা নিয়ে গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

তারেক রহমান বলেন, সরকার এ ধরনের উদ্যোগে যথাসাধ্য সহযোগিতা করবে। জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতা দেশের নিজস্ব অ্যারোস্পেস প্রযুক্তি ও গবেষণার বিকাশে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, তরুণদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে সমৃদ্ধ, স্বনির্ভর এবং প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বাংলাদেশ শুধু অন্য দেশের প্রযুক্তি ব্যবহার করবে না, বরং নিজস্ব উদ্ভাবনের মাধ্যমে নতুন শিল্প গড়ে তুলে বিশ্বে সম্মানজনক অবস্থান তৈরি করবে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, উচ্চশিক্ষা, গবেষণা ও দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি তরুণদের উদ্ভাবনী চিন্তার বিকাশে এ ধরনের প্রতিযোগিতা ভবিষ্যতে নতুন নতুন উদ্ভাবনের পথ তৈরি করবে।

প্রতিযোগিতায় দেশের তরুণ উদ্ভাবকদের ৭৪টি দল অংশ নিচ্ছে। এতে মোট অংশগ্রহণকারী ২৯৬ জন। ফিক্সড-উইং ইউএভি, রোটরক্রাফট, স্পেস রোবোটিক্স ও সকার বট—এই চার বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমানসহ অন্য অতিথিরা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23170 ,   Print Date & Time: Thursday, 19 November 2026, 08:06:54 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh