• হোম > জাতীয় | বাংলাদেশ > আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির মধ্যেও সচল রাজধানীর সড়ক ও জনজীবন

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির মধ্যেও সচল রাজধানীর সড়ক ও জনজীবন

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৩:৩৪
  • ৬

---

ইবি রিপোর্ট

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির দিনেও রাজধানী ঢাকার স্বাভাবিক জীবনযাত্রায় দৃশ্যমান কোনো পরিবর্তন দেখা যায়নি। বৃহস্পতিবার সকাল থেকেই নগরীর সড়কগুলোতে গণপরিবহনসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করেছে। খোলা ছিল সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা, ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাট। নিয়মিত দিনের মতোই কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশে বের হয়েছেন নগরবাসী।

সরেজমিনে দেখা যায়, সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মানুষের উপস্থিতি ছিল স্বাভাবিক। মিরপুর, উত্তরা, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, মতিঝিল, পল্টন, গুলিস্তান, যাত্রাবাড়ী, মহাখালী ও গাবতলীতে যানবাহন এবং পথচারীদের চলাচল ছিল অন্যান্য দিনের মতো। কিছু এলাকায় যানজট দেখা গেলেও তা ছিল নিয়মিত পরিস্থিতির অংশ।

রাজধানীর বিভিন্ন সড়কে বাস, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা চলতে দেখা গেছে। বাসস্ট্যান্ডগুলোতেও যাত্রীদের উপস্থিতি ছিল। বিশেষ করে মিরপুর থেকে মতিঝিলগামী বাসগুলোতে কর্মস্থলগামী মানুষের ভিড় ছিল লক্ষণীয়।

ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় সকাল থেকেই ব্যবসায়িক কর্মকাণ্ড চলেছে। ফুটপাতের চায়ের দোকান, নাশতার হোটেল এবং অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানে ক্রেতাদের আনাগোনা দেখা যায়। একইভাবে মতিঝিল ও পল্টন এলাকায় অফিসগামী মানুষের চলাচল ছিল স্বাভাবিক। সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত কাজকর্ম পরিচালিত হয়েছে।

মতিঝিলের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রাকিব হোসেন জানান, প্রতিদিনের কাজ নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী করতে হয়। অফিসে অনুপস্থিত থাকলে কাজ জমে যায়। এর সঙ্গে বেতন ও কর্মমূল্যায়নের বিষয়ও যুক্ত রয়েছে। তিনি বলেন, ‘আমরা চাই, পরিস্থিতি শান্ত থাকুক এবং সবাই নিরাপদে কর্মস্থলে যাতায়াত করতে পারুক। সাধারণ মানুষের জীবন-জীবিকা নিয়ে যেন কোনো টানাপোড়েন তৈরি না হয়। এক দিন অফিস বন্ধ থাকলেও অনেকের জন্য সেটি বড় সমস্যা।’

রাজধানীর বিভিন্ন রুটে বাস চলাচল অব্যাহত থাকায় কর্মজীবী মানুষ স্বাভাবিকভাবেই নিজেদের গন্তব্যে পৌঁছাতে পেরেছেন। পাশাপাশি রাইড শেয়ারিং মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশার চলাচলেও কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি।

এক বাসযাত্রী তুহিন বলেন, প্রতিদিন যেভাবে যাতায়াত করেন, বৃহস্পতিবারও একইভাবে গন্তব্যে যাচ্ছেন। সড়ক ও যান চলাচলে বিশেষ কোনো পরিবর্তন তাঁর চোখে পড়েনি।

অন্যদিকে রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও স্বাভাবিক পরিবেশ বজায় ছিল। সকাল থেকে অভিভাবকদের সঙ্গে শিক্ষার্থীদের স্কুল ও কলেজে যেতে দেখা যায়। কেউ স্কুলবাসে, কেউ ব্যক্তিগত গাড়িতে, আবার কেউ রিকশায় কিংবা হেঁটে শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছেছে। অনেক অভিভাবক সন্তানদের স্কুলে পৌঁছে দিয়ে পরে নিজেদের কর্মস্থলে গেছেন।

সব মিলিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির মধ্যেও রাজধানীর দৈনন্দিন কর্মকাণ্ড সচল ছিল। গণপরিবহন, ব্যবসাপ্রতিষ্ঠান, অফিস-আদালত এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকায় নগরবাসীর স্বাভাবিক চলাচলে দৃশ্যমান কোনো বাধা তৈরি হয়নি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23167 ,   Print Date & Time: Thursday, 19 November 2026, 07:56:56 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh