• হোম > আন্তর্জাতিক | জাতীয় > বিশ্বজুড়ে প্রতি চার নারীর একজনের নেই যৌন সম্মতির স্বাধীনতা

বিশ্বজুড়ে প্রতি চার নারীর একজনের নেই যৌন সম্মতির স্বাধীনতা

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৩:৩২
  • ৯

---

ইবি আন্তর্জাতিক ডেস্ক 

বিয়ের সম্পর্কেও নিজের শরীর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা পাচ্ছেন না বিশ্বের বহু নারী। জাতিসংঘের নতুন প্রতিবেদনে উঠে এসেছে নারীর যৌন সম্মতি নিয়ে এমন চিত্র। বিশ্বে প্রতি চারজন নারীর একজন স্বামী বা সঙ্গীর যৌন প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারেন না।

বৃহস্পতিবার জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। অঞ্চলভেদে নারীদের পরিস্থিতির মধ্যে বড় ধরনের পার্থক্য দেখা গেছে। পশ্চিম ও মধ্য আফ্রিকায় প্রায় ৪৫ শতাংশ নারী যৌন সম্পর্কে ‘না’ বলতে পারেন না। পূর্ব ও দক্ষিণ আফ্রিকা এবং আরব অঞ্চলে এই হার ৩৩ শতাংশ। লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে প্রতি ১০ জনে একজন নারী অসম্মতি জানাতে পারেন না।

প্রতিবেদনটিতে আটটি দেশের তুলনামূলক তথ্য বিশ্লেষণ করা হয়েছে। দেশগুলো হলো অ্যাঙ্গোলা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, কাজাখস্তান, মালাউই, মালি, নাইজেরিয়া, তাজিকিস্তান ও জাম্বিয়া।

বিশ্লেষণে বয়সভেদেও নারীদের অবস্থানের পার্থক্য পাওয়া গেছে। ১৫ থেকে ১৯ বছর বয়সী কিশোরীদের যৌন সম্পর্কে অসম্মতি জানানোর ক্ষমতা কম। ৪৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের তুলনায় তাঁদের অবস্থান আরও দুর্বল। সঙ্গীর সহিংসতার শিকার হওয়ার ঝুঁকি কিশোরীদের বেশি। আগের গবেষণার ফলাফলের সঙ্গেও এই তথ্যের মিল রয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইকুয়ালিটি নাউয়ের আইনজীবী জ্যঁ-পল মুরুঙ্গা বলেন, ‘এগুলো সত্যিই দুঃখজনক পরিসংখ্যান।’ তাঁর মতে, আফ্রিকার দেশগুলো নারীর অধিকার রক্ষায় আইনি অঙ্গীকার করেছে। তবে সেই অঙ্গীকারের সুফল নারীদের কাছে পৌঁছাতে আরও কাজ প্রয়োজন।

২০০৩ সালে আফ্রিকান ইউনিয়ন ম্যাপুটো প্রটোকল গ্রহণ করে। নারীর অধিকার সুরক্ষায় এটি একটি আঞ্চলিক চুক্তি। এতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের দায়িত্ব রাষ্ট্রগুলোর ওপর দেওয়া হয়েছে। পাশাপাশি বিয়েতে উভয়ের পূর্ণ সম্মতি নিশ্চিত করার কথাও বলা হয়েছে। চুক্তিটিতে নারীর স্বাস্থ্য অধিকার সুরক্ষার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

মুরুঙ্গা বলেন, ‘মূল নীতিটি পরিষ্কার: স্বাধীনভাবে ও স্বেচ্ছায় সম্মতি ছাড়া যৌন সম্পর্ক যৌন সহিংসতা। বিয়ের মধ্যেও এটি যৌন সহিংসতা। বিয়ে মানেই স্থায়ী বা ধরে নেওয়া সম্মতি নয়। একজন নারী যৌন সম্পর্কে জড়াবেন কি না, কখন জড়াবেন এবং কীভাবে জড়াবেন—সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাঁর আছে।’

বৈবাহিক ধর্ষণ প্রতিরোধে আফ্রিকার দেশগুলোর আইন সংশোধনের প্রয়োজনীয়তার কথাও বলেছেন মুরুঙ্গা। ২০২৪ সালের তাঁর একটি প্রতিবেদনে কয়েকটি দেশের আইনি সীমাবদ্ধতা উঠে আসে। সেখানে বলা হয়েছে, সাতটি দেশে স্বামীদের বৈবাহিক ধর্ষণের বিচারের বাইরে রাখা হয়েছে। এসব দেশের মধ্যে আইভরিকোস্ট, ইথিওপিয়া ও দক্ষিণ সুদান রয়েছে।

তানজানিয়া ও ইরিত্রিয়ার মতো দেশে স্বামী-স্ত্রী আলাদা থাকলেই বৈবাহিক ধর্ষণ অপরাধ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে বাল্যবিবাহ অনুমোদিত হলেও বৈবাহিক ধর্ষণ অপরাধ নয়, এমন দেশে শিশুরা সুরক্ষাহীন থাকে। বিয়ের কারণে যৌন সহিংসতার ঘটনা আইনের ফাঁক গলে অপরাধ হিসেবে বিবেচিত না-ও হতে পারে।

গ্যাবনের উদাহরণ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, অপহরণ করা শিশুকে কোনো পুরুষ বিয়ে করলে মামলা করা যায় না। বিয়ে বাতিল না হওয়া পর্যন্ত তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না।

এ ধরনের আইনের পেছনে রয়েছে বিয়ের মাধ্যমে স্থায়ী যৌন সম্মতির ধারণা। অনেক এলাকায় ধর্মীয় বিশ্বাসও এই ধারণাকে শক্তিশালী করে।

সিয়েরা লিওনে কিশোরীদের নিয়ে কাজ করা সংস্থা ‘আ গার্ল অ্যাট আ টাইম’-এর প্রতিষ্ঠাতা আলিমাতু ডিমোনেকেনে বলেন, আফ্রিকায় বিয়ের মধ্যে সম্মতি নিয়ে আলোচনা এখনো শুরু হয়নি। তাঁর ভাষায়, ‘বৈবাহিক ধর্ষণ নিয়ে আমাদের আলোচনা এখনো শুরু হয়নি। নারীরা একে ধর্ষণ বলবেন না। তাঁরা এর পক্ষে নানা অজুহাত দেন, এমনকি নিজেদেরই দোষ দেন।’

তিনি আরও বলেন, পশ্চিম আফ্রিকায় বিয়ের মধ্যে যৌন সম্পর্ককে দায়িত্ব হিসেবে দেখা হয়। স্বামীর ইচ্ছা পূরণ করাকে স্ত্রীর কর্তব্য মনে করা হয়। কনের পরিবার দেনমোহর বা পণ দেওয়ার পর স্বামীরা স্ত্রীর ওপর অধিকার তৈরি হয়েছে বলে ভাবেন। ফলে ঘনিষ্ঠ সম্পর্ক, অর্থ কিংবা সন্তান লালন-পালনের ক্ষেত্রেও স্ত্রীর নিজস্ব সিদ্ধান্তের সুযোগ সীমিত থাকে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23165 ,   Print Date & Time: Thursday, 19 November 2026, 07:56:59 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh