• হোম > জাতীয় | বাংলাদেশ > উপযুক্ত সুযোগ পেলে বিশ্বমঞ্চে নেতৃত্ব দেবে বাংলাদেশের তরুণরা: প্রধানমন্ত্রী

উপযুক্ত সুযোগ পেলে বিশ্বমঞ্চে নেতৃত্ব দেবে বাংলাদেশের তরুণরা: প্রধানমন্ত্রী

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৩:১৫
  • ১৯

---

ইবি রিপোর্ট

বিজ্ঞান, প্রযুক্তি ও মহাকাশ গবেষণায় বাংলাদেশের তরুণদের এগিয়ে নিতে নতুন সম্ভাবনার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, উপযুক্ত পরিবেশ, প্রয়োজনীয় সুযোগ ও সরকারি সহযোগিতা পেলে দেশের তরুণরা একদিন আকাশ জয় করতে সক্ষম হবে। এজন্য শুধু উড়োজাহাজ চালনা বা পরিচালনায় দক্ষতা অর্জন করলেই হবে না, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রেও নিজেদের যোগ্য করে তুলতে হবে। তরুণদের বড় স্বপ্ন দেখার পাশাপাশি তা বাস্তবায়নে সরকার সহযোগিতা করবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে তরুণদের বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনী কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। খবর বাসসের।

তারেক রহমান বলেন, বর্তমান বিশ্ব প্রযুক্তিগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এ সময়ে তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক (এসটিইএম) শিক্ষা গ্রহণের পাশাপাশি গবেষণার সুযোগ দিতে হবে। আধুনিক গবেষণাগার ও ইনকিউবেশন সুবিধা নিশ্চিত করাও প্রয়োজন। মেধার বিকাশ এবং নতুন ধারণা বাস্তবায়নের জন্য কার্যকর পরিবেশ তৈরি করতে হবে। সরকার সে লক্ষ্যেই কাজ করছে।

নিজেদের বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনার কথাও অনুষ্ঠানে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে মহাকাশে পাঠানো হবে, ইনশাআল্লাহ। এ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। এ সময় তিনি স্পারসোর প্রসঙ্গ উল্লেখ করে বলেন, দেশের বিজ্ঞানীরা এ নিয়ে কাজ করছেন।

প্রধানমন্ত্রী বলেন, আগামী দিনের বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তি নেতৃত্ব দেবে। এই দুই ক্ষেত্রে পিছিয়ে পড়লে ব্যক্তি ও দেশ উভয়কেই প্রতিযোগিতায় পিছিয়ে থাকতে হবে। তাই বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের অবস্থান তৈরি করতে তরুণদের এখন থেকেই প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে হবে।

এভিয়েশন ও অ্যারোস্পেস খাতের সম্ভাবনা তুলে ধরে তারেক রহমান বলেন, মানবজাতির জ্ঞান, উদ্ভাবনী শক্তি, সাহস ও সুদূরপ্রসারী স্বপ্নের প্রতিফলন ঘটেছে এসব ক্ষেত্রে। এভিয়েশন আকাশপথে যাতায়াতের সুযোগ তৈরি করে। অন্যদিকে অ্যারোস্পেস পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করে মহাকাশের নতুন সম্ভাবনার পথ খুলে দেয়।

তিনি জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য নিয়েছে সরকার। এ পরিকল্পনা বাস্তবায়নে দেশের একমাত্র এভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তরুণদের উদ্ভাবনী উদ্যোগ যেন অর্থের অভাবে থেমে না যায়, সে বিষয়েও সরকারের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, উদ্ভাবনী কর্মকাণ্ডে সহায়তার জন্য সরকার ৫০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে। নির্ধারিত অর্থ যথাযথভাবে ব্যবহারের পরও অতিরিক্ত অর্থের প্রয়োজন হলে আরও বরাদ্দ দেওয়া হবে।

প্রতিযোগিতায় অংশ নেওয়া তরুণদের উদ্ভাবন যেন কেবল প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ না থাকে, সে বিষয়েও গুরুত্ব দেন তারেক রহমান। এসব উদ্ভাবন বাস্তব জীবনে কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। বিশেষ করে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কৃষিকাজে সহায়তা এবং দুর্যোগ মোকাবিলায় এসব প্রযুক্তির ব্যবহার বাড়ানোর সম্ভাবনা অনুসন্ধান করতে বলেন প্রধানমন্ত্রী।

প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় দেশের তরুণ উদ্ভাবকদের ৭৪টি দল এবং ২৯৬ জন অংশগ্রহণকারী যুক্ত হয়েছেন। ফিক্সড-উইং ইউএভি, রোটরক্রাফট, স্পেস রোবোটিক্স ও সকার বট—এই চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23161 ,   Print Date & Time: Thursday, 19 November 2026, 07:32:24 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh