![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
পশ্চিমবঙ্গকে উত্তর প্রদেশ ও গুজরাটের আদলে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। রাজ্যে থাকতে অসুবিধা হলে বিনা ভিসায় বাংলাদেশে পাঠানোর কথাও বলেছেন তিনি। তাঁর এমন বক্তব্য ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ এসব মন্তব্য করেন। গতকাল বুধবার সংবাদমাধ্যমের সামনে তিনি নিজের অবস্থান তুলে ধরেন। দিলীপ বলেন, ‘বাংলাকে উত্তর প্রদেশ-গুজরাট বানাব, কারও বাপের হিম্মত থাকলে আটকাক। যাদের পোষাবে না, বাংলাদেশে চলে যাক।’
পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ছয় মাস পার হয়েছে। এই সময়ে পুলিশের অন্তত পাঁচটি এনকাউন্টারে অভিযুক্ত ব্যক্তিদের মৃত্যুর ঘটনা ঘটেছে। এসব ঘটনা রাজ্যজুড়ে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।
এমন পরিস্থিতিতে রাজ্যকে উত্তর প্রদেশ ও গুজরাটের মডেলে গড়ার কথা বলেন দিলীপ। তাঁর অভিযোগ, অতীতে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল। বিজেপি সরকার সেই সম্ভাবনা ঠেকাতে নতুন পরিকল্পনা নিয়েছে বলে জানান তিনি।
নিজের বক্তব্যের পক্ষে দিলীপ আরও বলেন, ‘পশ্চিমবঙ্গ ইউপি হলে অসুবিধা কোথায়? অসুবিধা থাকলে বাংলাদেশে চলে যাক। বিনা ভিসায় পাঠিয়ে দেব। দরজা খুলে দিচ্ছি। যাদের বাংলায় থাকতে অসুবিধা হচ্ছে, চলে যাক।’
শুধু এনকাউন্টার নয়, অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনে বুলডোজার চালানোর কথাও বলেছেন পঞ্চায়েতমন্ত্রী। তাঁর ভাষ্য অনুযায়ী, কঠোর পদক্ষেপ নিতে অক্ষম ব্যক্তিরাই অপরাধীদের সঙ্গে আপস করেন। বর্তমান সরকার অপরাধীদের বিষয়ে এমন সমঝোতায় যাবে না বলে জানান তিনি।
নারীদের নিরাপত্তার প্রসঙ্গেও হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ। হিন্দু মা-বোনদের দিকে কেউ কুনজরে তাকালে কঠোর পরিণতির কথা বলেন তিনি। এ ক্ষেত্রে বীরভূমের সাম্প্রতিক এনকাউন্টারের উদাহরণ টানেন বিজেপির এই নেতা।
দিলীপের বক্তব্য, গ্রামীণ বাংলায় অপরাধীদের দীর্ঘদিনের দাপট আর মেনে নেওয়া হবে না। গত ৫০ বছর ধরে অপরাধীরা যেভাবে প্রভাব বিস্তার করেছে, তা বন্ধের কথাও বলেন তিনি। প্রয়োজনে ৫০০টি এনকাউন্টার করতেও সরকার পিছপা হবে না বলে হুঁশিয়ারি দেন।
তবে পঞ্চায়েতমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করেছে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো। তাদের মতে, বিচারবহির্ভূত বলপ্রয়োগে সাধারণ মানুষের বিচারব্যবস্থার প্রতি আস্থা কমতে পারে।
তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষও এ বিষয়ে সতর্ক করেছেন। তিনি বলেন, কোনো এনকাউন্টার বিচ্ছিন্ন বা ব্যতিক্রমী ঘটনা হতে পারে। কিন্তু রাজনৈতিকভাবে ব্যতিক্রমকে সামাজিক নিয়মে পরিণত করার চেষ্টা বিপজ্জনক। ব্যতিক্রম কখনোই নিয়ম হতে পারে না।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিলীপের মন্তব্যে বাঙালি অস্মিতা ও আঞ্চলিক পরিচয়ের বিতর্ক আবার সামনে এসেছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ভালো ফল করেছিল বিজেপি। তবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে দলটি পরাজিত হয়। সে সময় তৃণমূল কংগ্রেস বিজেপিকে ‘বাংলা বিরোধী’ ও ‘বহিরাগত’ হিসেবে প্রচার করেছিল।
২০২৪ সালের লোকসভা নির্বাচনেও আঞ্চলিক আবেগ কাজে লাগায় তৃণমূল কংগ্রেস। ওই নির্বাচনে বিজেপির আসনসংখ্যা ১৮ থেকে কমে ১২-তে নেমে আসে।
এরপর বিতর্কিত ভোটার তালিকার নিবিড় সংশোধনের মাধ্যমে প্রায় ২৭ লাখ ভোটার বাদ পড়েন। বাদ পড়াদের অধিকাংশই মুসলিম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর পর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিপুল জয় পায় বিজেপি। পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করে দলটি।
নতুন সরকার গঠনের পর রাজ্যের প্রশাসনিক ও আদর্শগত পরিবর্তন নিয়ে আলোচনা চলছে। এমন সময় উত্তর প্রদেশ ও গুজরাটের মডেল অনুসরণের ঘোষণা দিলেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি হয়েছে।