• হোম > চট্টগ্রাম | দেশজুড়ে > চট্টগ্রাম বন্দরে সন্ত্রাসবিরোধী মহড়া, যৌথ অভিযানে সেনা-নৌবাহিনী

চট্টগ্রাম বন্দরে সন্ত্রাসবিরোধী মহড়া, যৌথ অভিযানে সেনা-নৌবাহিনী

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১৭:০৪
  • ২৪

---

ইবি রিপোর্ট  

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তাব্যবস্থা আরও সুদৃঢ় করা এবং জরুরি পরিস্থিতিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি যাচাইয়ে লাইভ অ্যান্টি-টেররিজম মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক জাহাজ ও বন্দর স্থাপনা নিরাপত্তা (আইএসপিএস) কোডের আওতায় এ মহড়ার আয়োজন করা হয়। এতে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থার সদস্যরা অংশ নেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যানের নির্দেশনায় আইএসপিএস মনিটরিং সেলের প্রস্তুতিতে মহড়াটি পরিচালিত হয়। বন্দরের নিরাপত্তার স্তর ১, ২ ও ৩ অনুযায়ী সম্ভাব্য বিভিন্ন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করে সেগুলো মোকাবিলার অনুশীলন করা হয়।

মহড়ায় বন্দরের নিরাপত্তা ভেদ করে প্রবেশের কয়েকটি সম্ভাব্য কৌশল প্রদর্শন করা হয়। এর মধ্যে ছিল ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে বন্দরে ঢোকার চেষ্টা, জোরপূর্বক প্রবেশ, অগ্নিকাণ্ড এবং সন্দেহজনক বস্তু শনাক্ত করা। পাশাপাশি বোমা নিষ্ক্রিয় করার প্রক্রিয়াও অনুশীলন করা হয়।

এ ছাড়া অস্ত্রসহ সন্দেহজনক একটি যানবাহনের মাধ্যমে বন্দরে প্রবেশের চেষ্টা মোকাবিলার পরিস্থিতি তৈরি করা হয়। এসব অনুশীলনের মধ্য দিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের সতর্কতা, দ্রুত প্রতিক্রিয়া এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সামাল দেওয়ার পদ্ধতি যাচাই করা হয়।

মহড়ার শেষ পর্যায়ে সেনাবাহিনী, নৌবাহিনীর কমান্ডো দল সোয়াডস এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে কনটেইনার ইয়ার্ডে আত্মগোপন করে থাকা অনুপ্রবেশকারীদের শনাক্ত ও আটক করার কৌশল দেখানো হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পাশাপাশি মহড়ায় সেনাবাহিনী, নৌবাহিনীর অগ্নিনির্বাপণ দল, সোয়াডস, কোস্ট গার্ড, বাংলাদেশ পুলিশ, আনসার এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অংশ নেন। বিভিন্ন সংস্থার সদস্যদের অংশগ্রহণে বন্দরের নিরাপত্তা রক্ষায় সমন্বিতভাবে কাজ করার অনুশীলন করা হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, মহড়ার মূল উদ্দেশ্য ছিল সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয়, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং জরুরি নিরাপত্তা পরিস্থিতিতে একসঙ্গে সাড়া দেওয়ার সক্ষমতা যাচাই করা। বন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় বিভিন্ন বাহিনী ও সংস্থার প্রস্তুতি মূল্যায়নের সুযোগ তৈরি হয়েছে এ আয়োজনের মাধ্যমে।

কর্তৃপক্ষ আরও জানায়, আন্তর্জাতিক আইএসপিএস কোড অনুসরণ করে বন্দরের নিরাপত্তাব্যবস্থা জোরদারের কার্যক্রম অব্যাহত থাকবে। নিরাপত্তার বিভিন্ন স্তরে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম এ ব্যবস্থার অংশ।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23122 ,   Print Date & Time: Wednesday, 18 November 2026, 08:52:34 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh