• হোম > রাজনীতি > সরকার ও প্রশাসনের একাংশ আ.লীগকে ফেরানোর চেষ্টা করছে: জামায়াত

সরকার ও প্রশাসনের একাংশ আ.লীগকে ফেরানোর চেষ্টা করছে: জামায়াত

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১৭:০০
  • ২০

---

ইবি রিপোর্ট  

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার জন্য সরকারকে দায়ী করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, সরকার ও প্রশাসনের একটি অংশের পরিকল্পিত ভূমিকার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দেশের রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন এলাকায় সংঘাত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আলোচনার বিষয়গুলো সংবাদ সম্মেলনে তুলে ধরেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের রায় উপেক্ষা করে সরকার একদলীয় কর্তৃত্ববাদী মানসিকতা নিয়ে দেশ পরিচালনা করছে বলে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ মনে করে। তাঁর দাবি, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যাশায় রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছিল। সনদে স্বাক্ষরের পর গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ এর পক্ষে মত দেন। কিন্তু সরকার সেই রায় উপেক্ষা করছে। এতে রাজনৈতিক আস্থার সংকট তৈরি হয়েছে।

দেশের বিভিন্ন এলাকায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সংঘাতের ঘটনাও তুলে ধরেন জামায়াতের এই নেতা। তিনি গোপালগঞ্জ, ফরিদপুর, ভাঙ্গা, নড়াইল ও পিরোজপুরসহ বিভিন্ন স্থানে মহাসড়কে সহিংসতার কথা উল্লেখ করেন। কোথাও মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে থানায় হামলা, আবার কোথাও থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তিনি। পুলিশের ওপর হামলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসহায় পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানান।

এ ছাড়া সংসদ সদস্যদের বাড়ি, দোকানপাট, সিনেমা হলসহ বিভিন্ন স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ করেন মিয়া গোলাম পরওয়ার। সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ছবি ও ভিডিও ছড়িয়ে আতঙ্ক তৈরির বিষয়টিও উল্লেখ করেন তিনি।

তাঁর অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ ভূমিকা পালন করতে পারছে না। এমন পরিস্থিতিতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব পালনের পাশাপাশি রাষ্ট্রপতিরও ভূমিকা রাখা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

সরকারের দুর্বলতা এবং প্রশাসনের একাংশের সহযোগিতায় আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলে দাবি করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তাঁর ভাষ্য, সচিবালয়, বেসামরিক প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিচার বিভাগের গুরুত্বপূর্ণ পদে আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এখনো রয়েছেন। তাঁদের নিষ্ক্রিয়তা কিংবা প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা পুনর্বাসনের পথ তৈরি করছে বলে দলটির নির্বাহী পরিষদ মনে করে।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে বিভিন্ন এলাকায় উত্তেজনা ও সংঘাতের কথাও বলেন তিনি। এ প্রসঙ্গে ভারতের বিভিন্ন বক্তব্যের নিন্দা জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাঁকে দেশে ফেরানোর বিষয়ে বক্তব্য বাংলাদেশের বিচারব্যবস্থা ও আইনের শাসনের প্রতি অসম্মানজনক।

আগামী ২১ নভেম্বর শনিবার রাজধানীতে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেন তিনি। ডিসেম্বর মাসজুড়েও দলের কর্মসূচি থাকবে। এর বিস্তারিত শনিবার সংবাদ সম্মেলনে জানানো হবে।

জুলাই সনদের গণভোটের রায় মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার এ রায় বাস্তবায়ন করলে রাজনৈতিক সংকট নিরসনের পথ তৈরি হতে পারে। সংসদে আলোচনা করে সংস্কার প্রস্তাবগুলোর আইনি বাস্তবায়ন সম্ভব বলেও মত দেন তিনি।

গার্মেন্টস খাতের সহিংসতা নিয়ে উদ্বেগ জানিয়ে শ্রমিকদের ন্যায্য মজুরি ও শিল্পের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান জামায়াত নেতা। তবে সরকার বা সরকারি দলের পক্ষ থেকে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় জামায়াতের কাছে আনুষ্ঠানিক সহযোগিতা চাওয়া হয়নি বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23120 ,   Print Date & Time: Wednesday, 18 November 2026, 09:02:52 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh