• হোম > জাতীয় | দেশজুড়ে > সাড়ে আট ঘণ্টায় ৩৭৫ মেগাওয়াট, এরপর কী পরিকল্পনা রূপপুরের

সাড়ে আট ঘণ্টায় ৩৭৫ মেগাওয়াট, এরপর কী পরিকল্পনা রূপপুরের

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১৬:৫৬
  • ২৫

---

ইবি রিপোর্ট

জাতীয় গ্রিডে প্রথমবারের মতো বিদ্যুৎ সরবরাহ করে ইতিহাস গড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। তবে প্রথম দফায় প্রায় সাড়ে আট ঘণ্টা পরীক্ষামূলক সরবরাহের পর গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে কেন্দ্রটির প্রথম ইউনিট। এ সময় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে ইউনিটটি। এখন দ্বিতীয় ধাপের কারিগরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টা ৫০ মিনিটে প্রথম ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। এর আগে একই দিন বিকেল ৩টা ১৬ মিনিটে দেশের ইতিহাসে প্রথমবারের মতো রূপপুরের উৎপাদিত পারমাণবিক বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। সংযোগের ২৯ মিনিট পর বিকেল ৩টা ৪৫ মিনিটে উৎপাদন দাঁড়ায় ৩৫০ মেগাওয়াটে। পরে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে উৎপাদন ৩০০ মেগাওয়াটে রাখা হয়। পর্যায়ক্রমে তা বাড়িয়ে ৩৭৫ মেগাওয়াটে উন্নীত করা হয়।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপির উপস্থিতিতে গ্রিড সংযোগ কার্যক্রম শুরু হয়। এ সময় প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) ড. এম মইনুল ইসলাম, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান, এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান, প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেনসহ সংশ্লিষ্ট প্রকৌশলী, বিজ্ঞানী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান গণমাধ্যমকে জানান, প্রথম দফায় প্রায় সাড়ে আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। এ সময় টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হয়। পরবর্তী কারিগরি পরীক্ষার প্রস্তুতির জন্য রাত ১১টা ৫০ মিনিটে ইউনিটটিকে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।

তিনি আরও জানান, প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর দ্বিতীয় দফায় চার থেকে ছয় ঘণ্টার জন্য আবারও গ্রিডে সংযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। পরবর্তী পরীক্ষার প্রয়োজন অনুযায়ী উৎপাদন বাড়ানো বা কমানো হবে। কিছু পরীক্ষা সম্পন্ন করতে ইউনিট সাময়িকভাবে বন্ধ রাখার প্রয়োজনও হতে পারে। উৎপাদন ও সরবরাহের ওঠানামায় জাতীয় গ্রিডের ভারসাম্য রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।

প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রতিটি ধাপে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন ব্যবস্থা, টারবাইন ও জেনারেটরের কর্মক্ষমতা এবং গ্রিডের সঙ্গে বিদ্যুৎ সরবরাহের সামঞ্জস্য যাচাই করা হবে। প্রাথমিক পরীক্ষার ফল সন্তোষজনক হলে পরবর্তী ধাপে যেতে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। অনুমোদনের পর শুরু হবে পরীক্ষামূলক পরিচালনা বা ‘ট্রায়াল অপারেশন’।

রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান রোসাটমের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। এ সময় গণনা শুরু হবে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর পরীক্ষামূলক পরিচালনা শুরুর দিন থেকে।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী জানুয়ারির মধ্যে প্রথম ইউনিটের উৎপাদন ধাপে ধাপে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ মেগাওয়াটে উন্নীত করার চেষ্টা থাকবে। তবে উৎপাদন কতটা বাড়ানো সম্ভব হবে, তা পরীক্ষার ফলাফল ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ওপর নির্ভর করবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট। দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াটে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23118 ,   Print Date & Time: Wednesday, 18 November 2026, 09:18:51 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh