• হোম > জাতীয় | বাংলাদেশ > রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারে প্রত্যাবাসন: শামা ওবায়েদ

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারে প্রত্যাবাসন: শামা ওবায়েদ

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১৬:৫৬
  • ২৩

---

ইবি রিপোর্ট  

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়াকেই সংকটের স্থায়ী সমাধান হিসেবে দেখছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, প্রায় ১৩ লাখ রোহিঙ্গার দ্রুত ও টেকসই প্রত্যাবাসনই এ সংকট নিরসনের একমাত্র কার্যকর পথ। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে যুক্ত করে সমন্বিত ও বাস্তবায়নযোগ্য রোডম্যাপ তৈরির ওপর জোর দিয়েছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারে মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি কারির সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। বাংলাদেশে প্রথম সফর সম্পন্ন করায় বিশেষ দূতকে অভিনন্দন জানান তিনি। পাশাপাশি কক্সবাজারে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সঙ্গে তাঁর সাক্ষাৎ ও মতবিনিময়ের অভিজ্ঞতা জানতে চান।

বৈঠকে কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোর সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন কেলি কারি। রোহিঙ্গা জনগোষ্ঠী এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনায় পাওয়া অভিজ্ঞতাও তিনি প্রতিমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেন। এ সময় রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার ক্রমবর্ধমান ঘাটতি এবং সংকটের স্থায়ী সমাধান নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার বিষয়টি উঠে আসে।

আলোচনায় মিয়ানমারের সামগ্রিক পরিস্থিতি, বিশেষ করে রাখাইন রাজ্যের অবনতিশীল অবস্থা নিয়ে উদ্বেগ জানান শামা ওবায়েদ। তিনি বলেন, রাখাইনে বসবাসরত রোহিঙ্গারা এখনো সহিংসতার মুখোমুখি হচ্ছেন। পাশাপাশি নতুন করে বাস্তুচ্যুত হওয়ার ঘটনাও ঘটছে।

প্রতিমন্ত্রী বলেন, রাখাইনে যেসব রোহিঙ্গা এখনো অবস্থান করছেন, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে ওই অঞ্চলে নির্বিঘ্নে মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ তৈরি করতে হবে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক আইন মেনে চলার বিষয়টিও নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

বৈঠকে বাংলাদেশের মানবিক অবস্থানের কথা তুলে ধরে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। তবে এই জনগোষ্ঠীর জন্য স্থায়ী সমাধান নিশ্চিত করতে হলে তাঁদের আদি নিবাস মিয়ানমারে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের ব্যবস্থা করতে হবে। শুধু প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা নয়, সেটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণে কার্যকর পরিকল্পনা প্রয়োজন বলেও মত দেন তিনি।

রোহিঙ্গাদের ওপর সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক অপরাধের বিচার নিশ্চিত করার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। শামা ওবায়েদ বলেন, এসব ঘটনার জন্য জবাবদিহি প্রতিষ্ঠা করা ন্যায়বিচারের স্বার্থে জরুরি। একই সঙ্গে সংকটের পেছনে থাকা মূল কারণগুলো মোকাবিলার জন্যও দায়ীদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন।

এ ছাড়া গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আসন্ন রায়ের বিষয়ে বাংলাদেশের গভীর আগ্রহের কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁর মতে, এই রায় ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।

কেলি কারির সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি, রাখাইনের নিরাপত্তা, আন্তর্জাতিক আইন এবং প্রত্যাবাসনের পথ নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের অবস্থান অনুযায়ী, সংকটের দীর্ঘমেয়াদি সমাধানের জন্য মিয়ানমারে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার উপযোগী পরিবেশ তৈরি এবং প্রত্যাবাসন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23117 ,   Print Date & Time: Wednesday, 18 November 2026, 09:28:53 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh