![]()
ইবি রিপোর্ট
এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের আগে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা আয়োজন না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতের এ নির্দেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। প্রয়োজনীয় কাগজপত্র হাতে পাওয়ার পরই আপিলের প্রক্রিয়া শুরু করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১৮ নভেম্বর) সকালে একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দেন হাইকোর্ট।
একই দিন গণমাধ্যমকে আপিলের সিদ্ধান্তের কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। তিনি বলেন, ‘প্রয়োজনীয় কাগজপত্র হাতে পেলেই আমরা আপিল করব। বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি সিদ্ধান্ত নিয়েছিল, এর ওপর হাইকোর্ট একটি রায় দিয়েছেন। এখন আমরা হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করব। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পূর্ববর্তী সিদ্ধান্ত বহাল রাখার চেষ্টা করব।’
এদিকে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি আগেই প্রকাশ করা হয়েছিল। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা। পরীক্ষা চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত।
তবে এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা স্থগিত রাখার বিষয়ে হাইকোর্টের নির্দেশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্বঘোষিত সময়সূচি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।