• হোম > জাতীয় | দেশজুড়ে > পতিত ফ্যাসিস্ট শক্তির অরাজকতা রুখবে জনগণ: জোনায়েদ সাকি

পতিত ফ্যাসিস্ট শক্তির অরাজকতা রুখবে জনগণ: জোনায়েদ সাকি

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১৬:২৪
  • ২৩

---

ইবি রিপোর্ট

পতিত ফ্যাসিস্ট শক্তি আবারও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, গণপ্রতিরোধের মাধ্যমে যেভাবে তাদের ক্ষমতাচ্যুত করা হয়েছিল, একইভাবে তাদের সৃষ্ট অরাজকতার বিরুদ্ধেও মানুষ প্রতিরোধ গড়ে তুলবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এর আগে গণসংহতি আন্দোলনের ব্যানারে সরকারি এম এম আলী কলেজের সামনে থেকে সন্তোষে ভাসানীর সমাধি পর্যন্ত একটি র‍্যালি বের হয়। প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি র‍্যালিতে নেতৃত্ব দেন। ১৭ নভেম্বর ছিল মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী।

জোনায়েদ সাকি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা, ন্যায়বিচার এবং মানবাধিকার নিশ্চিত করতে জনগণের ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেছিলেন মাওলানা ভাসানী। একই সঙ্গে দেশে শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য শ্রমিক-কৃষকসহ শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার কথা বলেছেন তিনি। প্রাণ-প্রকৃতি সংরক্ষণের বিষয়টিও ভাসানীর চিন্তায় গুরুত্ব পেয়েছে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও বলেন, মাওলানা ভাসানীর রেখে যাওয়া আদর্শ ও দিকনির্দেশনা এখনো বাংলাদেশের সামনে পথ দেখানোর মতো অবস্থানে রয়েছে।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশ এখন পুনর্গঠনের প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে। এ সময়ে শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয়, অর্থনীতি, সমাজ ও সংস্কৃতিতেও সংস্কার প্রয়োজন। পাশাপাশি ন্যূনতম জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করাও জরুরি। ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে যে ঐক্য তৈরি হয়েছিল, তা ধরে রাখার ওপর জোর দেন তিনি।

তিনি বলেন, ‘রাজনৈতিক মতপার্থক্য থাকবে; কিন্তু মতপার্থক্য সত্ত্বেও আমাদের ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক পুনর্গঠনের এই যাত্রাকে অব্যাহত রাখতে হবে।’

অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে নতুন চুক্তির দাবি জানান। তিনি বলেন, ‘মওলানা ভাসানী তাঁর ফারাক্কা লংমার্চ দিয়ে বাংলাদেশের মানুষের পানির ন্যায্য হিস্যা আদায়ের সংগ্রাম করে গেছেন। আমাদের দাবি, গঙ্গার পানিবণ্টনের জন্য গ্যারান্টি ক্লজ ও সালিসির বিধান রেখে নতুন করে চুক্তি করতে হবে।’

র‍্যালি ও শ্রদ্ধা নিবেদনে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাচ্চু ভূঁইয়া, শ্রম খাতবিষয়ক সম্পাদক আলীফ দেওয়ান, ঢাকা উত্তরের আহ্বায়ক মনিরুল হুদা, পরিবেশবিষয়ক সম্পাদক তৌহিদুর রহমান এবং দপ্তর সম্পাদক গোলাম মোস্তফাসহ সংগঠনটির অন্য নেতারা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23101 ,   Print Date & Time: Wednesday, 18 November 2026, 10:55:05 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh