• হোম > জাতীয় | দেশজুড়ে > মহাখালীর সাততলা বস্তিতে আগুন: শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত, তদন্ত কমিটি গঠন

মহাখালীর সাততলা বস্তিতে আগুন: শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত, তদন্ত কমিটি গঠন

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১৬:১৭
  • ২৫

---

ইবি রিপোর্ট

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক নিম্ন আয়ের পরিবারের বসতঘর। আজ সকালে লাগা আগুন ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় বেলা ১১টা ১৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নির্বাপণ ও ধ্বংসাবশেষ সরানোর কাজ চলমান রয়েছে। এ কাজে দিনভর সময় লাগতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে মহাখালীর সাততলা বস্তির কবরস্থান রোডসংলগ্ন গোড়া বস্তি অংশে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে নিকটবর্তী ফায়ার স্টেশন থেকে ইউনিট পাঠানো হয়। সকাল ১০টা ১০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুনের বিস্তার ও ঘনবসতিপূর্ণ এলাকার ঝুঁকি বিবেচনায় আরও ইউনিট যুক্ত করা হয়। সব মিলিয়ে আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান দুপুরে ঘটনাস্থলের কাছে সাংবাদিকদের জানান, আগুনে বস্তির টিনের ঘর ও আধাপাকা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই এলাকায় শতাধিক পরিবারের বসবাস ছিল। তবে ঠিক কতগুলো ঘর পুড়েছে কিংবা মোট ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণ ও ডাম্পিংয়ের কাজ বাকি রয়েছে। এ কাজ শেষ করতে আরও সময় প্রয়োজন হতে পারে। এমনকি দিনভরও কার্যক্রম চলতে পারে। আগুন নতুন করে ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই বলেও জানান তিনি।

হতাহতের বিষয়ে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত কোনো মৃত্যু বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে আগুন পুরোপুরি নেভানোর পর বস্তির ক্ষতিগ্রস্ত এলাকায় তল্লাশি চালানো হবে। এরপর হতাহতের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। তদন্তের মাধ্যমে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য বের করা হবে


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23098 ,   Print Date & Time: Wednesday, 18 November 2026, 11:01:06 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh