• হোম > জাতীয় | দেশজুড়ে > পুলিশের গাড়িতে আগুন, টঙ্গীতে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ

পুলিশের গাড়িতে আগুন, টঙ্গীতে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১৫:৪৭
  • ৩৪

---

ইবি রিপোর্ট

শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের টঙ্গী এলাকা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনার পর গাজীপুরার হোপলোন গার্মেন্টসের সামনে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিকদের লক্ষ্য করে একাধিক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। সংঘর্ষের জেরে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে টঙ্গীর গাজীপুরা এলাকায় হোপলোন গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এর আগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা ও বড়বাড়ি এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে শ্রমিকরা টঙ্গীর গাজীপুরা এলাকায় হোপলোন গার্মেন্টসের সামনে মহাসড়ক আটকে দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

পুলিশ জানায়, শ্রমিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ পাল্টা কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। সংঘর্ষের সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান  গণমাধ্যমকে বলেন, ‘শ্রমিকরা আমাদের ওপর আক্রমণ করলে আমরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিই।’

পুলিশের অভিযোগ, শ্রমিকদের আন্দোলনের সঙ্গে আওয়ামী লীগের লোকজন যুক্ত হয়েছেন। সংঘর্ষের পর পরিস্থিতির কারণে গাজীপুরের আশপাশের অন্তত ১৫টি কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ছুটি ঘোষণা করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে হোপলোন গার্মেন্টস, স্যাটার্ন টেক্সটাইল লিমিটেড, মাসকো কটন ও টিজে সোয়েটার।

এর আগে সকাল ৯টার দিকে চলমান শ্রমিক আন্দোলনের অংশ হিসেবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। একপর্যায়ে হারিকেন এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়।

শ্রমিকদের অবরোধের ফলে রাজধানীর আব্দুল্লাহপুর থেকে টঙ্গী হয়ে গাজীপুর পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের ওই অংশে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. বেলায়েত হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আমাদের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শ্রমিকদের সঙ্গে আওয়ামী লীগ ঢুকে গেছে।’


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23090 ,   Print Date & Time: Wednesday, 18 November 2026, 11:29:11 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh