![]()
ইবি রিপোর্ট
১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত দেশব্যাপী সকাল-সন্ধ্যা ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে দেশের অন্তত ২৫ জেলায় সহিংসতা ও নাশকতার আশঙ্কা করছে গোয়েন্দা সংস্থাগুলো। এ কর্মসূচিকে ঘিরে রেল, সড়ক ও নৌপথে যোগাযোগ বিঘ্নিত করা, গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ এবং আগ্নেয়াস্ত্র প্রদর্শনের পরিকল্পনার তথ্য পেয়েছেন গোয়েন্দারা। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির কথা জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
পুলিশ ও গোয়েন্দা সূত্র গণমাধ্যমকে জানায়, কর্মসূচিকে সরকারকে চাপে ফেলার সুযোগ হিসেবে কাজে লাগাতে চান আওয়ামী লীগের নেতারা। এ জন্য বিভিন্ন জেলার নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের বাইরে অবস্থানরত নেতারাও এ পরিকল্পনায় যুক্ত রয়েছেন। বিশেষ করে ভারতের কলকাতায় গত তিন দিনে একাধিক বৈঠক হয়েছে বলে তথ্য পেয়েছে গোয়েন্দা সংস্থাগুলো।
গোয়েন্দা সূত্রের দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি সামনে আনাই কর্মসূচির অন্যতম লক্ষ্য। পাশাপাশি সাংগঠনিক শক্তি প্রদর্শনের পরিকল্পনাও রয়েছে।
পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ১৯ নভেম্বর গোপালগঞ্জের পরিস্থিতিকে মডেল হিসেবে সামনে রেখে অন্তত ২৫ জেলায় একই ধরনের পরিস্থিতি তৈরির আশঙ্কা রয়েছে। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে রয়েছে গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম জেলা ও মহানগর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পিরোজপুর, বাগেরহাট, মোংলা, খুলনা সদর, বরিশাল ও ফরিদপুর। এ ছাড়া গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরেও বিশেষ নজরদারি রাখা হয়েছে।
কক্সবাজারকে ঘিরেও বিশেষ পরিকল্পনার তথ্য পেয়েছেন গোয়েন্দারা। সূত্রের দাবি, স্থানীয় নেতাকর্মীরা ১৯ নভেম্বর জেলায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা করছেন। এ জন্য কলকাতা ও দিল্লিতে অবস্থানরত নেতাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। চট্টগ্রাম থেকে কক্সবাজারের সড়ক যোগাযোগ এক দিনের জন্য বিচ্ছিন্ন করার পরিকল্পনার তথ্যও রয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ডিআইজি মো. আশিক সাঈদ গণমাধ্যমকে বলেন, কর্মসূচি ঘিরে নিরাপত্তা পরিকল্পনায় কোনো ঘাটতি থাকবে না। সম্ভাব্য নাশকতাকারীদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রকাশ্যে ও গোপনে নজরদারি চলছে।
বিশেষ সূত্রের দাবি, গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুরের নেতাকর্মীরা তিন জেলার সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নেওয়ার পরিকল্পনা করছেন। এতে দক্ষিণাঞ্চলের সঙ্গে দেশের অন্য এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। খুলনা বিভাগের সীমান্তবর্তী জেলাগুলোতে চীনা রাইফেল, শর্টগানসহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র মজুত থাকার তথ্যও পেয়েছেন গোয়েন্দারা।
পুলিশের তথ্য অনুযায়ী, গাজীপুরের শ্রীপুর, টঙ্গী, চট্টগ্রাম রোড, সাভারের আরিচা মহাসড়ক ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক বিচ্ছিন্ন করার পরিকল্পনা রয়েছে। চাঁদপুরসহ বিভিন্ন নদীপথে লঞ্চ চলাচল বন্ধের চেষ্টা এবং রেল যোগাযোগ বিঘ্নিত করার আশঙ্কাও করা হচ্ছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, রাজধানীতে টহল পুলিশ ও গোয়েন্দা দল নিয়মিত দায়িত্ব পালন করছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। ১৯ নভেম্বরের কর্মসূচি সামনে রেখে নিরাপত্তা জোরদার, অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) কামরুল মুনিরা গণমাধ্যমকে জানান, গোপালগঞ্জের পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে।