• হোম > আন্তর্জাতিক | খেলা > মেসিকে ধন্যবাদ জানিয়ে আর্জেন্টিনাকে বিদায় বললেন স্যামুয়েল

মেসিকে ধন্যবাদ জানিয়ে আর্জেন্টিনাকে বিদায় বললেন স্যামুয়েল

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১৪:৪১
  • ৩৭

---

ইবি স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনা জাতীয় দলের কোচিং প্যানেলে দীর্ঘদিনের দায়িত্ব শেষ করেছেন ওয়াল্টার স্যামুয়েল। কোস্টারিকার বিপক্ষে ৭-০ গোলের জয়ের ম্যাচটি ছিল সহকারী কোচ হিসেবে তার শেষ দায়িত্ব। এবার প্রধান কোচ হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করার পরিকল্পনা নিয়েছেন সাবেক এই আর্জেন্টাইন ডিফেন্ডার।

লিওনেল স্কালোনি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার সঙ্গে নতুন চুক্তি করেছেন। তবে তার কোচিং দলে আর থাকছেন না স্যামুয়েল। বুধবার বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে কোস্টারিকাকে হারানোর পর তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানায় আর্জেন্টিনা।

স্যামুয়েলের জায়গায় নতুন কাউকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্কালোনি। তিনি বলেন, ‘আমরা নতুন কাউকে যুক্ত করব না। এখন সাতজন আছি, আর আমাদের বিশ্বাস, সেটাই যথেষ্ট-এর চেয়ে বেশি। আমার মনে হয়, আমরা ভালো আছি।’

আর্জেন্টিনার ড্রেসিংরুমে স্যামুয়েলের জন্য ছোট পরিসরে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ প্রসঙ্গে স্কালোনি বলেন, দলের অর্জনে স্যামুয়েলের অবদান তার অনুপস্থিতিতে আরও বেশি অনুভূত হবে। তার জায়গা পূরণ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। ভবিষ্যতে প্রয়োজন হলে স্যামুয়েলকে আবার ফোন করবেন বলে জানান আর্জেন্টিনার কোচ।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সামাজিক যোগাযোগমাধ্যমে বিদায় অনুষ্ঠানের একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে স্যামুয়েলের হাতে স্মারক এবং জাতীয় দলের হয়ে খেলার সময়কার নম্বরসংবলিত দুটি জার্সি তুলে দেওয়া হয়। বিদায়বেলায় আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, ‘বছরগুলো ছিল অসাধারণ। আমার পরিবার আমার সঙ্গে ছিল, তাদের জন্য বড় একটি আলিঙ্গন পাঠাতে চাই।’

লিওনেল মেসি, এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া ও কোচিং স্টাফের সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানান স্যামুয়েল। তিনি বলেন, ‘এই সুযোগ দেওয়ার জন্য লিওকে (লিওনেল মেসি) অনেক ধন্যবাদ। আপনাকে (এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া), পুরো কোচিং স্টাফকে ধন্যবাদ। এখানে তারা আমার দ্বিতীয় পরিবারের মতো ছিল। তোমাদের সবাইকেও ধন্যবাদ। ফুটবলে আমি যদি কিছু অর্জন করতে পারি, তার পেছনে তোমাদের সবার অবদান রয়েছে। সবার প্রতি অনেক কৃতজ্ঞতা।’

নিজের কোচিং ক্যারিয়ার শুরু করার লক্ষ্যেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক এই আলবিসেলেস্তে ডিফেন্ডার। স্কালোনি জানান, স্যামুয়েল আগে থেকেই নিজের পরিকল্পনার কথা তাদের জানিয়েছিলেন। বন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন তিনি।

২০১৮ সালে আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই স্কালোনির সহকারী হিসেবে কাজ করেছেন স্যামুয়েল। তার বিদায়ের পরও কোচিং প্যানেলে থাকছেন পাবলো আইমার ও রবার্তো আয়ালা। এ ছাড়া গোলরক্ষক কোচ মার্টিন তোকালি, ভিডিও বিশ্লেষক মাতিয়াস মান্না এবং ফিজিও লুইস মার্তিন দায়িত্ব পালন করবেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23077 ,   Print Date & Time: Thursday, 19 November 2026, 12:13:17 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh