• হোম > রাজনীতি > ১৫ দিনের সময় দিয়ে শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ নিতে নোটিশ

১৫ দিনের সময় দিয়ে শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ নিতে নোটিশ

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১৪:০৪
  • ৩৭

---

ইবি রিপোর্ট  

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। কূটনৈতিক যোগাযোগ, প্রশাসনিক উদ্যোগ ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাঁকে দেশে ফিরিয়ে আনার পাশাপাশি দেশে ফেরার পর নিরাপত্তা ও বিচারিক কার্যক্রম পরিচালনার বিষয়ে সাত দফা প্রস্তাব দেওয়া হয়েছে নোটিশে। আগামী ১৫ দিনের মধ্যে এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নিয়ে লিখিতভাবে জানানোর দাবি জানানো হয়েছে। অন্যথায় হাইকোর্টে জনস্বার্থে রিট করার হুঁশিয়ারি দিয়েছেন নোটিশদাতা।

বুধবার (১৮ নভেম্বর) জনস্বার্থের কথা উল্লেখ করে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান মামুন এ নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে নোটিশের বিবাদী করা হয়েছে। রেজিস্টার্ড ডাক ও ই-মেইলের মাধ্যমে তাঁদের কাছে নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং মানবতাবিরোধী অপরাধে তাঁর মৃত্যুদণ্ড হয়েছে। তাঁকে দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর, কারা হেফাজতে রাখা এবং পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণের জন্য সরকারের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

নোটিশদাতা আইনজীবী তাঁর অবস্থান ব্যাখ্যা করে জানিয়েছেন, এ উদ্যোগের সঙ্গে কোনো রাজনৈতিক দল, বর্তমান সরকার কিংবা সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে অবস্থান নেওয়ার বিষয় জড়িত নয়। সংবিধানের ২১(১) অনুচ্ছেদে রাষ্ট্রের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জননিরাপত্তা রক্ষার যে দায়িত্বের কথা বলা হয়েছে, সেটিকে বিবেচনায় নিয়ে একজন নাগরিক হিসেবে নির্দলীয় অবস্থান থেকে তিনি নোটিশ দিয়েছেন বলে উল্লেখ করেছেন।

নোটিশে শেখ হাসিনার ভারতে দীর্ঘদিন অবস্থানের কারণে রাষ্ট্রীয় গোপনীয়তা ও জাতীয় নিরাপত্তা নিয়ে সম্ভাব্য উদ্বেগের বিষয়টিও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, দীর্ঘ সময় সরকারপ্রধানের দায়িত্ব পালনের কারণে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা কার্যক্রম, কূটনৈতিক প্রোটোকল এবং জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন সংবেদনশীল তথ্য সম্পর্কে তাঁর ধারণা রয়েছে। প্রতিবেশী দেশে দীর্ঘদিন অবস্থানের কারণে এসব তথ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে বলে মনে করেন নোটিশদাতা।

এ প্রসঙ্গে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদি এবং ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের উদাহরণও উল্লেখ করা হয়েছে। নোটিশে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত রাষ্ট্রপ্রধানদের অন্য দেশে দীর্ঘদিন অবস্থান কখনো কখনো আঞ্চলিক ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ানোর কারণ হতে পারে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক বৈরিতা কিংবা সশস্ত্র সংঘাতের ঝুঁকি এড়ানোর যুক্তিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন আইনজীবী।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া হিসেবে প্রথমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’ পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এর মাধ্যমে তাঁকে প্রত্যর্পণ বা দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারতের সহযোগিতা চাওয়ার কথা বলা হয়েছে।

দ্বিতীয় প্রস্তাবে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার প্রবেশ এবং আত্মসমর্পণের সুযোগ তৈরির কথা উল্লেখ করা হয়েছে। এ ক্ষেত্রে ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশনের প্রসঙ্গ তুলে হাইকমিশন প্রাঙ্গণের কূটনৈতিক সুরক্ষার বিষয়টি নোটিশে ব্যাখ্যা করা হয়েছে।

তৃতীয় দফায় হাইকমিশন প্রাঙ্গণে আত্মসমর্পণের পর বাংলাদেশ পুলিশের একটি বিশেষ দল পাঠিয়ে তাঁকে আইনানুগভাবে গ্রেপ্তার ও হেফাজতে নেওয়ার প্রস্তাব রয়েছে। এরপর চতুর্থ দফায় হাইকমিশনের মাধ্যমে ট্রাভেল পাস বা ট্রাভেল পারমিট ইস্যু করে পুলিশের নিরাপত্তায় বাণিজ্যিক ফ্লাইট অথবা বিশেষ উড়োজাহাজে তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনার কথা বলা হয়েছে।

দেশে ফেরার পর তাঁকে কোথায় রাখা হবে, সে বিষয়েও একটি নির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন আইনজীবী। পঞ্চম দফায় জনশৃঙ্খলা ও নিরাপত্তার কথা বিবেচনা করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার পৈতৃক বাড়িকে বিশেষ সাব-জেল বা উপকারাগার হিসেবে ঘোষণা করার প্রস্তাব করা হয়েছে। এ জন্য কারা আইন ও জেল কোড অনুসরণ করে সরকারি প্রজ্ঞাপন জারির কথা বলা হয়েছে। ঢাকায় বিমানবন্দরে অবতরণের পর হেলিকপ্টারে তাঁকে টুঙ্গিপাড়ায় নেওয়ার প্রস্তাবও রয়েছে।

ষষ্ঠ দফায় দেশে ফেরার পর আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারা অনুযায়ী আপিলের অধিকার প্রয়োগের বিষয়টি বিবেচনার কথা বলা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, ওই ধারায় আপিল দায়েরের জন্য ৩০ দিনের সময়সীমা রয়েছে। তবে উপযুক্ত কারণ দেখিয়ে বিলম্ব মার্জনার মাধ্যমে আপিল শুনানির সুযোগ রয়েছে কি না, সেটি আদালতের বিবেচনার বিষয় বলে মত দিয়েছেন আইনজীবী।

সপ্তম দফায় শেখ হাসিনার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন অন্যান্য দেওয়ানি ও ফৌজদারি মামলার কার্যক্রম নিরাপত্তার প্রয়োজনে ভার্চুয়াল পদ্ধতিতে পরিচালনার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ অনুসরণের কথা বলা হয়েছে। সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আদালতের চূড়ান্ত রায় ও আদেশ কার্যকর করার দাবিও জানিয়েছেন নোটিশদাতা।

নোটিশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ১৫ দিনের মধ্যে প্রস্তাবিত কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে নোটিশদাতাকে লিখিতভাবে অবহিত করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে বলে সতর্ক করা হয়েছে।

রাষ্ট্রীয় গোপনীয়তা, জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং সংবিধান প্রদত্ত অধিকার রক্ষার যুক্তিতে এই আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করেছেন আইনজীবী।

সব মিলিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি নিয়ে নতুন করে আইনি ও কূটনৈতিক আলোচনার অবকাশ তৈরি হয়েছে। তবে নোটিশে দেওয়া সাত দফা প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর কোনো সিদ্ধান্ত বা প্রতিক্রিয়ার তথ্য এখনো পাওয়া যায়নি। আগামী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়, তার ওপরই নির্ভর করবে এ উদ্যোগের পরবর্তী আইনি অগ্রগতি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23074 ,   Print Date & Time: Thursday, 19 November 2026, 12:31:15 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh