• হোম > রাজনীতি > নিজ আসনে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ইশরাক

নিজ আসনে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ইশরাক

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১৩:২৯
  • ৪৪

---

ইবি রিপোর্ট

নিজের সংসদীয় আসন ঢাকা-৬-এর আওতাধীন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের খবর পাওয়া গেলে তাঁদের থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন সংসদ সদস্য ইশরাক হোসেন। এ জন্য বিএনপি ও দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে ওয়ার্ডভিত্তিক পাহারা দেওয়ার কথাও বলেছেন তিনি। মঙ্গলবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ নির্দেশনা দেন ইশরাক।

পোস্টে ঢাকা-৬ আসনের অন্তর্ভুক্ত বিভিন্ন ওয়ার্ড ও থানার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। তাঁর নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট এলাকাগুলোতে মিছিলসহ পাহারা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এ কাজে ওয়ার্ড বিএনপি ও থানা বিএনপির সঙ্গে সমন্বয় করার কথাও উল্লেখ করেন তিনি।

ইশরাকের পোস্ট অনুযায়ী, ঢাকা-৬ আসনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ডে এ নির্দেশনা কার্যকর করতে হবে। পাশাপাশি সূত্রাপুর, কোতোয়ালি, গেন্ডারিয়া, ওয়ারী ও বংশাল এলাকার সংশ্লিষ্ট নেতাকর্মীদেরও এ কার্যক্রমে যুক্ত হওয়ার কথা বলা হয়েছে।

পোস্টে ইশরাক আরও নির্দেশ দেন, কোনো এলাকায় নিষিদ্ধ কার্যক্রম পরিচালনাকারী আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের খবর পাওয়া গেলে তাঁদের থানায় নিয়ে যেতে হবে। এ কার্যক্রম শুধু দিনের বেলায় নয়, রাত-দিন পালাক্রমে চালিয়ে যাওয়ার নির্দেশনাও দেন তিনি।

নিজের পোস্টে তিনি জানান, দলীয় পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা বা সংশ্লিষ্ট ব্যক্তিদের থানায় নেওয়ার পরবর্তী প্রক্রিয়া নিয়ে পোস্টে বিস্তারিত কিছু উল্লেখ করেননি।

ঢাকা-৬ আসনের অন্তর্ভুক্ত একাধিক ওয়ার্ড ও থানার নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া এ নির্দেশনায় এলাকায় পাহারা, দলীয় সমন্বয় এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতির বিষয়ে নজরদারির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ইশরাকের বক্তব্য অনুযায়ী, এ কার্যক্রম ধারাবাহিকভাবে চালানোর লক্ষ্যেই রাত-দিন পালাক্রমে পাহারার ব্যবস্থা করতে বলা হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23062 ,   Print Date & Time: Thursday, 19 November 2026, 12:23:20 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh