• হোম > জাতীয় | দেশজুড়ে > চট্টগ্রামে নাশকতার অভিযোগে আ.লীগের সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

চট্টগ্রামে নাশকতার অভিযোগে আ.লীগের সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:২৪
  • ২২

---

ইবি রিপোর্ট

চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে সাম্প্রতিক নাশকতার ঘটনায় সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়ার পর আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর সলিমউল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে এনায়েত বাজার এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

সলিমউল্লাহ বাচ্চু চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এনায়েত বাজার ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবেও পরিচিত তিনি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির। তিনি মোবাইল ফোনে গণমাধ্যমকে বলেন, ‘সম্প্রতি নগরের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পেয়েছে পুলিশ। ওই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আজ দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে।’

২০১৫ সালের চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রথমবার কাউন্সিলর নির্বাচিত হন সলিমউল্লাহ বাচ্চু। পরে ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে একই ওয়ার্ড থেকে দ্বিতীয়বারের মতো জয়ী হন তিনি। ২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তী সরকার দেশের সব সিটি করপোরেশনের কাউন্সিলরদের অপসারণের আগপর্যন্ত দায়িত্ব পালন করেন।

এর আগে ২০২৪ সালের ২২ অক্টোবর নগরের লাভলেইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর কোতোয়ালি থানায় হামলা, অস্ত্র লুট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় অজ্ঞাতনামাসহ ৪০ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছিল।

এদিকে সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ, ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। কালুরঘাট, মনসুরাবাদ ও সাগরিকা এলাকায় তিনটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

গত ৬ নভেম্বর রাতে নগরের ষোলশহর দুই নম্বর গেট এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভবনের সামনে দুটি এবং ভূমি অফিসের সামনে একটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এসব ঘটনায় নগর পুলিশ অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

এ ছাড়া ৮ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে নিউমার্কেট এলাকায় দুই থেকে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সময়ে খুলশী পুলিশ ফাঁড়ির সামনে পুলিশের জব্দ করা একটি পণ্যবাহী কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয় বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23042 ,   Print Date & Time: Thursday, 19 November 2026, 02:05:48 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh