• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > পোশাক রপ্তানির প্রবৃদ্ধির ৯৭ শতাংশই মৌলিক পণ্যে

পোশাক রপ্তানির প্রবৃদ্ধির ৯৭ শতাংশই মৌলিক পণ্যে

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:১৭
  • ২৩

---

ইবি রিপোর্ট

বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বাড়লেও পণ্যের বৈচিত্র্যে তেমন অগ্রগতি দেখা যাচ্ছে না। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে পোশাক রপ্তানিতে যে প্রবৃদ্ধি হয়েছে, তার প্রায় ৯৭ শতাংশ এসেছে মৌলিক বা বেসিক পোশাক থেকে। বিপরীতে উচ্চমূল্যের ও উন্নত ধরনের পোশাকের রপ্তানি বেড়েছে সামান্য। ফলে সামগ্রিক রপ্তানি বাড়লেও আন্তর্জাতিক বাজারে তুলনামূলক বেশি মূল্য সংযোজনকারী পোশাকের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হওয়ার চিত্র পাওয়া যাচ্ছে না।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যের ভিত্তিতে বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলিত পরিসংখ্যান অনুযায়ী, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে ১ হাজার ৩৭৫ কোটি ডলারের। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১ হাজার ২৯৯ কোটি ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে রপ্তানি বেড়েছে প্রায় ৭৫ কোটি ৬০ লাখ ডলার।

এই বাড়তি রপ্তানির মধ্যে প্রায় ৭৩ কোটি ডলার এসেছে মৌলিক পোশাক থেকে। অর্থাৎ মোট প্রবৃদ্ধির প্রায় ৯৭ শতাংশই এ শ্রেণির পণ্যের অবদান। আলোচ্য সময়ে মৌলিক পোশাক রপ্তানি ৭ দশমিক ২৭ শতাংশ বেড়ে ১ হাজার ৭৮ কোটি ডলারে দাঁড়িয়েছে। মোট পোশাক রপ্তানিতে এ ধরনের পণ্যের অংশও বেড়েছে। গত অর্থবছরের একই সময়ে এই হার ছিল ৭৭ দশমিক ৩৫ শতাংশ, যা এবার হয়েছে ৭৮ দশমিক ৪১ শতাংশ।

মৌলিক পোশাকের প্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ট্রাউজারসহ বটমওয়্যার, সোয়েটার এবং টি-শার্ট ও ভেস্ট। চার মাসে বটমওয়্যার রপ্তানি বেড়েছে ২৮ কোটি ৭০ লাখ ডলার। সোয়েটার ও কার্ডিগানের রপ্তানি বেড়েছে ১৯ কোটি ৫০ লাখ ডলার। অন্যদিকে টি-শার্ট ও ভেস্ট থেকে এসেছে অতিরিক্ত ১৪ কোটি ১০ লাখ ডলার। এই তিন পণ্যশ্রেণি মিলেই মোট পোশাক রপ্তানি বৃদ্ধির প্রায় ৮২ শতাংশ অবদান রেখেছে।

প্রধান পণ্যশ্রেণিগুলোর মধ্যে সোয়েটার রপ্তানিতে প্রবৃদ্ধি ছিল সবচেয়ে বেশি। এ খাতে প্রবৃদ্ধির হার ৮ দশমিক ৪৩ শতাংশ। এ ছাড়া ছোট আনুষঙ্গিক পণ্যের রপ্তানি বেড়েছে ১১ দশমিক ২৬ শতাংশ। তবে এ শ্রেণির মোট রপ্তানির পরিমাণ তুলনামূলক কম, মাত্র ৪ কোটি ৬০ লাখ ডলার।

অন্যদিকে শার্ট ও ব্লাউজ নিয়ে গঠিত আধা-মৌলিক পোশাকের রপ্তানি পরিস্থিতি ছিল অনেকটা স্থবির। এ শ্রেণিতে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ১ দশমিক ২৩ শতাংশ। রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ১১১ কোটি ডলারে। মোট পোশাক রপ্তানিতে আধা-মৌলিক পণ্যের অংশও কমেছে। আগের বছরের ৮ দশমিক ৪২ শতাংশ থেকে তা নেমে এসেছে ৮ দশমিক ০৫ শতাংশে।

উচ্চমূল্যের ও উন্নত পোশাকের ক্ষেত্রেও প্রবৃদ্ধির গতি ছিল সীমিত। আলোচ্য চার মাসে এ শ্রেণির রপ্তানি বেড়েছে মাত্র শূন্য দশমিক ৬৭ শতাংশ। মোট রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ১৮৬ কোটি ডলার। এই শ্রেণি থেকে মোট রপ্তানি প্রবৃদ্ধিতে বাড়তি অবদান এসেছে মাত্র ১ কোটি ২০ লাখ ডলার।

উন্নত পোশাকের কয়েকটি উপশ্রেণিতে রপ্তানি বাড়লেও কয়েকটি গুরুত্বপূর্ণ পণ্যে কমেছে। আউটারওয়্যারের রপ্তানি বেড়েছে ৩ কোটি ৮০ লাখ ডলার এবং টেকনিক্যাল ওয়্যারে বেড়েছে ১ কোটি ৬০ লাখ ডলার। বিপরীতে ড্রেসের রপ্তানি কমেছে ১২ দশমিক ৮৩ শতাংশ। স্পোর্টসওয়্যার ও অ্যাকটিভওয়্যারে কমেছে ৮ দশমিক ২৪ শতাংশ এবং স্যুট ও এনসেম্বলে কমেছে ১৪ দশমিক ৯৭ শতাংশ। এই তিন শ্রেণির পণ্য মিলিয়ে রপ্তানি কমেছে প্রায় ৪ কোটি ১০ লাখ ডলার।

এর প্রভাব পড়েছে মোট পোশাক রপ্তানিতে উন্নত পণ্যের অংশে। আগের অর্থবছরের একই সময়ে এই অংশ ছিল ১৪ দশমিক ২৩ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম চার মাসে তা কমে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৫৪ শতাংশে।

সার্বিক পরিসংখ্যান বলছে, বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি থাকলেও তা এখনো মূলত প্রচলিত পণ্যের ওপর নির্ভরশীল। অর্থবছরের প্রথম প্রান্তিকে দেখা দেওয়া এই প্রবণতা পরবর্তী মাসগুলোতেও অব্যাহত রয়েছে। ফলে রপ্তানি বাড়ার পাশাপাশি পণ্যের ধরনে বৈচিত্র্য আনার চ্যালেঞ্জও সামনে থাকছে। উচ্চমূল্যের পোশাকের রপ্তানি প্রবৃদ্ধি সীমিত থাকা এবং কয়েকটি উপশ্রেণিতে রপ্তানি কমে যাওয়ার বিষয়টি সেই চ্যালেঞ্জকেই তুলে ধরছে। সামগ্রিক প্রবৃদ্ধিকে আরও বিস্তৃত করতে মৌলিক পোশাকের পাশাপাশি উন্নত ও উচ্চমূল্যের পণ্যের রপ্তানিতে অগ্রগতি প্রয়োজন—চার মাসের রপ্তানি চিত্রে এই বাস্তবতাই ফুটে উঠেছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23038 ,   Print Date & Time: Thursday, 19 November 2026, 02:24:00 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh