• হোম > আন্তর্জাতিক | বিদেশ | বিশ্ব সংবাদ | মধ্যপ্রাচ্য > ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় বাড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনা

ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় বাড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনা

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:১৫
  • ২০

---

ইবি আন্তর্জাতিক ডেস্ক

স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনা চলার মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ইরান প্রতিবেশী বাহরাইনে মার্কিন সামরিক রাডারব্যবস্থায় হামলার কথা জানায়। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে আঘাত হানে।

ইরান যুদ্ধের অবসান নিয়ে মধ্যস্থতাকারী ওমান ও কাতারের সঙ্গে তেহরানের আলোচনা চলছে। তবে নতুন করে দুই দেশের হামলার ঘটনা প্রায় ৯ মাস ধরে চলা সংঘাত বন্ধের প্রচেষ্টাকে কঠিন করে তুলেছে।

এই যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে, বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে এবং যুক্তরাষ্ট্রের ভোটারদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনেও। ওই নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে প্রত্যাখ্যান করেছেন ভোটাররা। দলটি মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে।

বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর রয়েছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা হামলাটি প্রতিহত করেছে। এতে কেউ হতাহত হননি এবং কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তা বলেন, মার্কিন সেনাসদস্য ও স্থাপনাকে লক্ষ্য করে ইরানের হামলার জবাবে দেশটির যুদ্ধবিমান হরমুজ প্রণালির কেশম দ্বীপে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলা চালিয়েছে।

অন্যদিকে, ইরানের সংবাদমাধ্যম দেশটির এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ওই হামলায় আইআরজিসির অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি। একই দিন আইআরজিসি জানায়, তারা বাহরাইনের শেখ ইসা ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক রাডারব্যবস্থায় হামলা চালিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে জোটবদ্ধ থাকা এবং শিয়া ধর্মীয় নেতাদের বিষয়ে নেতিবাচক অবস্থান নেওয়ার জন্য বাহরাইনকে সতর্ক করে তারা।

কাতারের মুখপাত্র মাজেদ আল আনসারি জানান, চলমান আলোচনা নিয়ে গতকাল কাতার ও ইরানের কর্মকর্তাদের বৈঠক হয়েছে। দুই দেশের দৃষ্টিভঙ্গির মধ্যে সমন্বয় এবং আলোচনার টেবিলে উত্থাপিত প্রস্তাবগুলোর ব্যবধান কমানোর লক্ষ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির ওমান সফরের সময় এ আলোচনা হয়। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সামুদ্রিক নৌপথের নিরাপত্তা, বৈশ্বিক নৌপরিবহন ও বাণিজ্য সচল রাখা এবং সামরিক উত্তেজনা বৃদ্ধি ঠেকানোর বিষয়গুলো নিয়ে কথা বলেন আরাগচি।

ওমান ও ইরান হরমুজ প্রণালির দুই পাশে অবস্থিত। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হতো। তবে যুদ্ধ শুরুর পর ইরান প্রণালিটি কার্যত অচল করে দিয়েছে।

এর আগে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের বিষয়েও তেহরানের সঙ্গে আলোচনা করেছে ওমান।

বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি জানান, তিনি ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গেও বৈঠক করেছেন। এ সময় ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধ বন্ধে তেহরানের কূটনৈতিক উদ্যোগ সম্পর্কে তাঁকে অবহিত করেন।

সূত্র:রয়টার্স


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23036 ,   Print Date & Time: Thursday, 19 November 2026, 02:29:57 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh