![]()
ইবি রিপোর্ট
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এসব সদস্য দায়িত্ব পালন করছেন।
বুধবার (১৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে, মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং বিভিন্ন কার্যক্রমের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরে বিশেষ নজরদারি ব্যবস্থা চালু রয়েছে। সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর পদ্ধতিতে জেলার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এ নজরদারির কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ ব্যবহার করা হচ্ছে। এসব ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ ও কার্যক্রম সমন্বয় করা হচ্ছে।
বিজিবি জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা বজায় রাখা এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় মোতায়েন করা সদস্যরা জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছেন। পাশাপাশি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিগত নজরদারি অব্যাহত রয়েছে।
তবে ২১ প্লাটুন বিজিবি মোতায়েনের পেছনে নির্দিষ্ট কোনো ঘটনার উল্লেখ বিজ্ঞপ্তিতে করা হয়নি। জেলার কোন কোন স্থানে সদস্যদের মোতায়েন করা হয়েছে, সে সম্পর্কেও বিস্তারিত জানানো হয়নি।