• হোম > জাতীয় | দেশজুড়ে > বারিধারা ডিওএইচএসের বাসা থেকে আটক সাবেক প্রতিমন্ত্রী হিরু

বারিধারা ডিওএইচএসের বাসা থেকে আটক সাবেক প্রতিমন্ত্রী হিরু

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫৬
  • ১৯

---

ইবি রিপোর্ট

রাজধানীর বারিধারা ডিওএইচএসের একটি বাসায় অভিযান চালিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরুকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে তাকে আটক করা হয়।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৭টা ৩০ মিনিটে এসআরবি-০১-এর দায়িত্বপ্রাপ্ত এএসপি লুৎফারের নেতৃত্বে একটি দল বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর রোডের ৩৯৩ নম্বর বাসায় অভিযান চালায়। অভিযানের সময় সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম হিরুকে আটক করা হয়।

এসআরবি সূত্র জানায়, নাশকতাসহ বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আটকের পর তাকে উত্তরায় অবস্থিত এসআরবি সদর দপ্তরে নিয়ে যান ব্যাটালিয়নের সদস্যরা।

লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরু নরসিংদী-১ (সদর) আসনের চারবারের সাবেক সংসদ সদস্য। তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। দীর্ঘদিন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার অভিযোগে একাধিক মামলা হয়। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23026 ,   Print Date & Time: Thursday, 19 November 2026, 03:10:06 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh