• হোম > দেশজুড়ে | প্রবাস > ইউরোপ যাওয়ার স্বপ্নে লিবিয়া, ভূমধ্যসাগরে নিখোঁজ হবিগঞ্জের ছয় তরুণ

ইউরোপ যাওয়ার স্বপ্নে লিবিয়া, ভূমধ্যসাগরে নিখোঁজ হবিগঞ্জের ছয় তরুণ

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪৭
  • ২১

---

ইবি রিপোর্ট

ইউরোপে উন্নত জীবনের আশায় লিবিয়া থেকে গ্রিসের উদ্দেশে যাত্রা করেছিলেন হবিগঞ্জের সাত তরুণ। কিন্তু ভূমধ্যসাগরে তাঁদের বহনকারী নৌকাটি ডুবে যাওয়ার পর ছয়জনের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। একই নৌকায় থাকা মাসুম মিয়া টানা দুই দিন সাগরে ভেসে থেকে প্রাণে বেঁচে গ্রিসে পৌঁছেছেন। এ ঘটনায় নিখোঁজ তরুণদের পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

মাসুমের কাছ থেকে নৌকাডুবির খবর জানার পর তাঁর বাবা মারাজ মিয়া নিখোঁজ ছয় তরুণের পরিবারকে বিষয়টি জানান। এরপর থেকে স্বজনদের মধ্যে উৎকণ্ঠা আরও বেড়েছে। ১৫ দিন পেরিয়ে গেলেও নিখোঁজদের কোনো সন্ধান না পাওয়ায় দিশাহারা হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর দালালদের মাধ্যমে লিবিয়া থেকে বাতাসে ফোলানো রাবারের নৌকায় গ্রিসের উদ্দেশে রওনা হন মাধবপুর ও লাখাই উপজেলার সাত তরুণ। তাঁদের বহনকারী নৌকায় অর্ধশত যাত্রী ছিলেন। সাগরের মাঝপথে নৌকাটিতে ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে সেটি ডুবে গেলে যাত্রীরা পানিতে পড়ে যান।

সাত তরুণের মধ্যে একমাত্র মাসুম মিয়া জীবিত অবস্থায় গ্রিসে পৌঁছাতে সক্ষম হয়েছেন। তাঁর বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার পুরাইকলা গ্রামে। বাকি ছয় তরুণের অবস্থান সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

নিখোঁজ ব্যক্তিরা হলেন—মাধবপুর উপজেলার পুরাইকলা গ্রামের পাভেল মিয়া ও আতাউর মিয়া, কাউড়া গ্রামের আলমগীর মিয়া, বাঘাসুরা গ্রামের নাঈম মিয়া, ছাতিয়াইন ইউনিয়নের সাগর মিয়া এবং লাখাই উপজেলার আবুল মিয়া। তাঁদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে মাসুমের বাবা মারাজ মিয়া ছেলের বরাত দিয়ে  গণমাধ্যমকে জানান, নৌকাটি সাগরের মাঝপথে পৌঁছানোর পর হঠাৎ ছিদ্র হয়ে যায়। দ্রুত পানি ঢুকতে থাকায় যাত্রীরা বিপাকে পড়েন। পরে নৌকাটি ডুবে গেলে সবাই সাগরে পড়ে যান। তাঁর ছেলে মাসুম ঢেউয়ের মধ্যে ভেসে থাকার চেষ্টা করেন। দুই দিন পর অচেতন অবস্থায় সাগরের তীরে পৌঁছান তিনি। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় শেষ পর্যন্ত গ্রিসে যেতে সক্ষম হন।

একই নৌকায় থাকা অন্য ছয় তরুণের কী হয়েছে, তা এখনো জানতে পারেননি তাঁদের স্বজনরা। দালালদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাচ্ছেন না তাঁরা।

নিখোঁজদের পরিবারের সদস্যরা জানান, গ্রিসে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দালাল চক্র প্রত্যেকের কাছ থেকে ১২ থেকে ১৫ লাখ টাকা নিয়েছে। কেউ জমিজমা বিক্রি করে, আবার কেউ উচ্চ সুদে ঋণ নিয়ে এই অর্থ জোগাড় করেছেন। তাঁদের প্রত্যাশা ছিল, ছেলেরা ইউরোপে পৌঁছে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করবেন। কিন্তু এখন তাঁদের মধ্যে সন্তানদের জীবিত ফিরে পাওয়ার অনিশ্চয়তা তৈরি হয়েছে।

স্বজনদের সূত্রে জানা যায়, মাসুমের কাছ থেকে দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই তাঁরা ঢাকায় অবস্থানরত দালালদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। তবে তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। নিখোঁজ সন্তানদের সন্ধান পেতে কোথায় যেতে হবে, কার সঙ্গে যোগাযোগ করতে হবে, তা নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন তাঁরা।

বাঘাসুরা গ্রামের নাঈম মিয়ার বাবা হবিব মিয়া গণমাধ্যমকে বলেন, ‘আজ সবকিছু হারাতে বসেছি। ছেলেকে আর দেখতে পারব কি না, আল্লাহ জানেন।’

তিনি আরও জানান, দালালদের ঠিকানা সম্পর্কেও তাঁদের কোনো ধারণা নেই।

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান  গণমাধ্যমকে বলেন, নিখোঁজ যুবকদের সন্ধান পেতে তাঁদের পরিবারকে যথাযথ প্রক্রিয়ায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। আনুষ্ঠানিক আবেদন পাওয়া গেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে তাঁদের খোঁজ নেওয়ার ব্যবস্থা করা সম্ভব হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23022 ,   Print Date & Time: Thursday, 19 November 2026, 03:02:06 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh