• হোম > অর্থনীতি | প্রবাস | বানিজ্য > জুলাই-অক্টোবরে ছয় দেশ থেকে প্রবাস আয়ে এসেছে ৫১১ কোটি ডলার

জুলাই-অক্টোবরে ছয় দেশ থেকে প্রবাস আয়ে এসেছে ৫১১ কোটি ডলার

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩২
  • ২৬

---

ইবি রিপোর্ট

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশে আসা প্রবাস আয়ের ৪৪ দশমিক ৬ শতাংশ এসেছে মধ্যপ্রাচ্যের ছয়টি উপসাগরীয় দেশ থেকে। দেশগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কুয়েত, ওমান, কাতার ও বাহরাইন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত দেশে মোট ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলারের প্রবাস আয় এসেছে। এর মধ্যে ছয়টি উপসাগরীয় দেশ থেকে এসেছে ৫১১ কোটি ৪১ লাখ ৯০ হাজার ডলার।

দেশভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি প্রবাস আয় এসেছে সৌদি আরব থেকে। চার মাসে দেশটি থেকে এসেছে ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ডলার, যা মোট প্রবাস আয়ের ১৯ দশমিক ২ শতাংশ।

দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি থেকে এসেছে ১০২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার ডলার, যা মোট আয়ের ৯ শতাংশ। এ ছাড়া কুয়েত থেকে ৬১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ডলার (৫ দশমিক ৪ শতাংশ), ওমান থেকে ৫৫ কোটি ২০ লাখ ডলার (৪ দশমিক ৮ শতাংশ), কাতার থেকে ৪৯ কোটি ৪৯ লাখ ৫০ হাজার ডলার (৪ দশমিক ৩ শতাংশ) এবং বাহরাইন থেকে ২২ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ডলার (প্রায় ২ শতাংশ) এসেছে।

মাসভিত্তিক পরিসংখ্যানেও উপসাগরীয় ছয়টি দেশের ধারাবাহিক অবদান দেখা গেছে। জুলাই মাসে দেশগুলো থেকে এসেছে ১২৯ কোটি ৯০ লাখ ডলার, যা ওই মাসের মোট প্রবাস আয়ের ৪৫ দশমিক ৪ শতাংশ।

আগস্টে এসব দেশ থেকে এসেছে ১২৬ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ডলার, যা মোট আয়ের ৪২ দশমিক ৬ শতাংশ। সেপ্টেম্বরে প্রবাস আয় এসেছে ১২৪ কোটি ৭০ লাখ ১০ হাজার ডলার, যা ওই মাসের মোট আয়ের ৪৫ দশমিক ১ শতাংশ।

অক্টোবরে ছয় দেশ থেকে প্রবাস আয় বেড়ে দাঁড়িয়েছে ১৩০ কোটি ৪৮ লাখ ৪০ হাজার ডলারে। ওই মাসের মোট প্রবাস আয়ের ৪৫ দশমিক ৪ শতাংশ এসেছে এসব দেশ থেকে। অর্থাৎ, টানা চার মাসেই বাংলাদেশের মোট প্রবাস আয়ের ৪২ শতাংশের বেশি এসেছে এই ছয় দেশ থেকে।

প্রবাস আয়ের অন্যান্য বড় উৎসের মধ্যে যুক্তরাজ্য থেকে এসেছে ১৬১ কোটি ৬৬ লাখ ডলার, যা মোট আয়ের ১৪ দশমিক ১ শতাংশ। যুক্তরাষ্ট্র থেকে এসেছে ১০৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার বা ৯ দশমিক ২ শতাংশ।

এ ছাড়া মালয়েশিয়া থেকে ৯০ কোটি ১৯ লাখ ৫০ হাজার ডলার (৭ দশমিক ৯ শতাংশ) এবং ইতালি থেকে ৭৬ কোটি ৯৫ লাখ ৪০ হাজার ডলার (৬ দশমিক ৭ শতাংশ) এসেছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে বলেন, উপসাগরীয় দেশগুলো থেকে উল্লেখযোগ্য পরিমাণ প্রবাস আয় আসার বিষয়টি ওই অঞ্চলে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদানকে তুলে ধরেছে।

তিনি আরও বলেন, প্রবাস আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক খাতের জন্য ইতিবাচক। একই সঙ্গে এটি প্রমাণ করে, প্রবাস বাংলাদেশিরা তাঁদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠানোর ক্ষেত্রে আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার ওপর ক্রমেই বেশি আস্থা রাখছেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23014 ,   Print Date & Time: Thursday, 19 November 2026, 02:44:10 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh