![]()
ইবি রিপোর্ট
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মালবাহী ট্রাক উল্টে মালামাল ছড়িয়ে পড়ায় চট্টগ্রামমুখী লেনে প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মধ্যরাত থেকে শুরু হওয়া এ পরিস্থিতিতে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থেকে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও চালকরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত মধ্যরাত থেকে মহাসড়কের সোনারগাঁ অংশে যানজটের সৃষ্টি হয়। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্তও পরিস্থিতির উন্নতি হয়নি। দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে থাকায় ভোগান্তিতে পড়েছেন এই পথে চলাচলকারী মানুষ।
মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নয়াবাড়ী থেকে মোগড়াপাড়া চৌরাস্তা পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। গাড়িগুলো ধীরগতিতে চলাচল করছে। মাঝেমধ্যে কিছু যানবাহন সামনে এগোলেও আবার দীর্ঘ সময়ের জন্য থেমে যাচ্ছে।
এ অবস্থায় গন্তব্যে পৌঁছাতে যাত্রী ও চালকদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। বিশেষ করে অফিসগামী মানুষকে পড়তে হচ্ছে বাড়তি ভোগান্তিতে। দীর্ঘ সময় সড়কে আটকে থাকায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগীদের অনেকে।
যাত্রী মো. শাহাদাত গণমাধ্যমকে বলেন, মাত্র কয়েক মিনিটের পথ পার হতে ঘণ্টার পর ঘণ্টা লেগে যাচ্ছে। অফিস টাইমে আমাদের দুর্ভাগ্য, এমন ভোগান্তি পোহাতে হচ্ছে।
কাচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা গণমাধ্যমকে বলেন, মধ্যরাতে ঘুমের ঘোরে একটি মালবাহী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ডিভাইডারের ওপর তুলে দেন। এতে ট্রাকের মালামাল সড়কজুড়ে ছড়িয়ে পড়ে এবং যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করেছে। ইতোমধ্যে সার্ভিস লেন চালু করা হয়েছে।
দ্রুত সময়ের মধ্যে যানজট নিরসন করে মহাসড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন ওসি জুয়েল রানা। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।