• হোম > অর্থনীতি | জাতীয় > পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর থেকেই

পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর থেকেই

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২২:২২
  • ৩৬

---

ইবি রিপোর্ট

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়া শেষ হতে আরও সময় লাগলেও বর্ধিত বেতন কার্যকর হবে আগামী ১ ডিসেম্বর থেকেই। মজুরি চূড়ান্ত হওয়ার পর গেজেট প্রজ্ঞাপনে এ তারিখ উল্লেখ করা হবে। ফলে শ্রমিকেরা জানুয়ারির প্রথম সপ্তাহে ডিসেম্বর মাসের বর্ধিত মজুরি পাবেন বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীতে নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান অসন্তোষ এবং বোর্ডের তৃতীয় সভা স্থগিত হওয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সৈয়দ আজাদ সুবহানী জানান, নতুন মজুরি নির্ধারণে কিছু আইনগত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তাই ১ ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি ঘোষণা করা হবে, এমন কোনো প্রতিশ্রুতি তিনি দেননি। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি কিন্তু বলিনি যে ১ ডিসেম্বর নতুন মজুরি ঘোষণা দেব। সেটি আইনগত ও বাস্তবিক কারণে সম্ভব নয়। আমরা যখনই এটি চূড়ান্ত করতে পারব, গেজেট প্রজ্ঞাপনে উল্লেখ থাকবে যে বর্ধিত মজুরি ২০২৬ সালের ১ ডিসেম্বর থেকে প্রাপ্য হবে।’

বোর্ডের চেয়ারম্যান বলেন, আইন অনুযায়ী নতুন মজুরি নির্ধারণের জন্য বোর্ড ছয় মাস সময় পায়। প্রয়োজন হলে সরকারের কাছ থেকে অতিরিক্ত সময় নেওয়ার সুযোগও রয়েছে। তবে সরকার দ্রুততম সময়ের মধ্যে বিষয়টির সমাধান চায়। বোর্ডও সেই লক্ষ্য নিয়ে কাজ করছে।

নতুন মজুরি নির্ধারণে গঠিত বোর্ড ইতিমধ্যে দুটি সভা করেছে। তৃতীয় সভাটি সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। পরবর্তী সভার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর।

সভা স্থগিতের কারণ ব্যাখ্যা করে সৈয়দ আজাদ সুবহানী বলেন, বোর্ডের একজন স্থায়ী সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সভা পিছিয়ে দিতে হয়েছে। ওই সদস্য শ্রমিকপক্ষের প্রতিনিধি। তাঁকে ছাড়াও সভা আয়োজনের ক্ষেত্রে আইনগত বাধা না থাকলেও নৈতিক ও বাস্তবিক বিবেচনায় সভা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা পেছানোর পেছনে কোনো পক্ষের চাপ রয়েছে কি না, জানতে চাইলে চেয়ারম্যান বলেন, তাঁর ওপর কোনো পক্ষ থেকে চাপ, অনুরোধ বা ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেনি। শ্রমিকদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘কোনো তরফে আমার ওপর কোনো চাপ বা অনুরোধ বা উপরোধ বা ভীতি প্রদর্শনের কিছুই নেই। এটি আমি আপনাদের মাধ্যমে শ্রমিক ভাইদের হলফ করে বলছি।’

মালিকপক্ষ নতুন মজুরির বিষয়ে কোনো প্রস্তাব দিয়েছে কি না, এমন প্রশ্নে তিনি জানান, মালিকেরা তৃতীয় সভার জন্য অপেক্ষা করছেন। ওই সভার দিন তাঁরা নিজেদের প্রস্তাব জানাবেন।

নভেম্বরের মধ্যে নতুন মজুরির খসড়া প্রস্তাব প্রকাশ করা সম্ভব কি না, সে প্রশ্নে তিনি বলেন, মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাব পাওয়ার পর সেগুলো নিয়ে আলোচনা ও দর-কষাকষি করতে হবে। দুই পক্ষকে আলোচনায় বসিয়ে বাস্তবসম্মত সিদ্ধান্তে পৌঁছানো প্রয়োজন। কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিলে তা বাস্তবায়ন করা সম্ভব হবে কি না, সেটিও বিবেচনায় রাখতে হবে। পাশাপাশি আইনি প্রক্রিয়া অনুসরণ না করলে সিদ্ধান্তে ত্রুটি থেকে যেতে পারে এবং কেউ তা বাতিলের সুযোগ পেতে পারে।

নতুন মজুরি নির্ধারণে শ্রমিকদের প্রকৃত জীবনযাত্রার ব্যয় ও কারখানার পরিস্থিতি জানতে বিভিন্ন শিল্পাঞ্চল পরিদর্শন করছেন বোর্ডের সদস্যরা। দ্বিতীয় সভার পর তাঁরা চট্টগ্রামের বিভিন্ন শিল্পাঞ্চলে ছোট, মাঝারি ও বড় তৈরি পোশাক কারখানা ঘুরে দেখেন। এ সময় বিভিন্ন গ্রেডের শ্রমিক, কর্মচারী ও মালিকপক্ষের সঙ্গে কথা বলেন।

গত ১৫ নভেম্বর নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলেও একাধিক কারখানা পরিদর্শন করা হয়। সেখানে শ্রমিকদের প্রকৃত বেতন, আবাসন, পারিবারিক ব্যয় এবং তাঁদের আয়ের ওপর নির্ভরশীল সদস্যসংখ্যার তথ্য সংগ্রহ করা হয়েছে। সোমবার শ্রমিক প্রতিনিধি বাবুল আখতারকে সঙ্গে নিয়ে সাভারের কয়েকটি কারখানা পরিদর্শন করেন বোর্ডের চেয়ারম্যান।

সৈয়দ আজাদ সুবহানী জানান, এসব পরিদর্শনে পাওয়া তথ্য নতুন মজুরি নির্ধারণের প্রতিবেদনে যুক্ত করা হবে। মালিক বা শ্রমিকপক্ষের বক্তব্যের ওপর এককভাবে নির্ভর না করে বাস্তব পরিস্থিতি যাচাই করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23002 ,   Print Date & Time: Wednesday, 18 November 2026, 08:14:50 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh