• হোম > অর্থনীতি | জাতীয় > বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রদানে সময়সীমা শিথিল করল বিএসইসি

বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রদানে সময়সীমা শিথিল করল বিএসইসি

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২০:৫৫
  • ২৮

---

ইবি রিপোর্ট

বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পরিশোধের সময়সীমা নিয়ে বিদ্যমান জটিলতা কমাতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এখন থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছ থেকে দ্বৈত কর পরিহার চুক্তির (ডিটিএ) সনদ পাওয়ার পরবর্তী ৩০ দিনের মধ্যে বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে হবে। যৌক্তিক কারণে এই সময়ের মধ্যে অর্থ পরিশোধ সম্ভব না হলে সংশ্লিষ্ট কোম্পানিকে নিয়ম লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা হবে না।

সম্প্রতি বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান এ-সংক্রান্ত নির্দেশনায় স্বাক্ষর করেছেন। কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম গণমাধ্যমকে জানান, আগের বিধান অনুযায়ী, বার্ষিক লভ্যাংশ সাধারণ সভায় অনুমোদনের ৩০ দিনের মধ্যে এবং অন্তর্বর্তী লভ্যাংশ রেকর্ড তারিখের ৩০ দিনের মধ্যে বিতরণ করতে হতো। তবে বিদেশি শেয়ারহোল্ডারদের অর্থ পরিশোধের ক্ষেত্রে এনবিআর থেকে ডিটিএ সনদ সংগ্রহের বাধ্যবাধকতা রয়েছে। এই সনদ পেতে অনেক সময় দুই থেকে তিন মাস পর্যন্ত লেগে যায়। ফলে কোম্পানিগুলোর আগ্রহ থাকা সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ বিতরণ করা সম্ভব হতো না।

তিনি আরও জানান, নতুন নির্দেশনায় বিদেশি শেয়ারহোল্ডারদের জন্য ডিটিএ সনদ পাওয়ার পর থেকে ৩০ দিনের সময় নির্ধারণ করা হয়েছে। এতে কোম্পানিগুলোর বিধিবিধান অনুসরণ সহজ হবে। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও প্রয়োজনীয় সনদ পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে তাদের প্রাপ্য লভ্যাংশ পাবেন।

এই পরিবর্তনের মাধ্যমে বিএসইসি ২০২১ সালের ১৪ জানুয়ারি এবং ২০২৪ সালের ২০ মে জারি করা আগের দুটি নির্দেশনা সংশোধন করেছে। বিশেষ করে নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ পরিশোধে ব্যর্থতা এবং অনিবার্য কারণে বিলম্বের বিষয়ে আগের নির্দেশনার ১ নম্বর ধারার (ই) উপধারায় পরিবর্তন আনা হয়েছে।

এদিকে লভ্যাংশ বিতরণ-সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার বিধানেও নতুন শর্ত যুক্ত হয়েছে। আগের নিয়ম অনুযায়ী, লভ্যাংশ বিতরণ সম্পন্ন হওয়ার পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে বিএসইসি এবং দুই স্টক এক্সচেঞ্জে প্রাথমিক পরিপালন প্রতিবেদন জমা দিতে হতো। নতুন নির্দেশনায় এই সময়সীমা অপরিবর্তিত রাখা হয়েছে।

তবে বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বিতরণের হিসাব জানাতে এখন থেকে পৃথক প্রতিবেদন জমা দিতে হবে। বিতরণ শেষ হওয়ার পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে বিএসইসি ও দুই স্টক এক্সচেঞ্জে এই প্রতিবেদন পাঠাতে হবে। পাশাপাশি তথ্যের স্বচ্ছতা বজায় রাখতে সংশ্লিষ্ট কোম্পানির নিজস্ব ওয়েবসাইটেও প্রতিবেদনটি প্রকাশ করতে হবে।

বিএসইসি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর ২০-এ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই সংশোধনী জারি করেছে।



This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22994 ,   Print Date & Time: Wednesday, 18 November 2026, 08:16:57 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh