• হোম > অর্থনীতি > অস্ট্রেলিয়ার মেলবোর্নে বাংলাদেশের ১৪ প্রতিষ্ঠানের বাণিজ্যিক অংশগ্রহণ

অস্ট্রেলিয়ার মেলবোর্নে বাংলাদেশের ১৪ প্রতিষ্ঠানের বাণিজ্যিক অংশগ্রহণ

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৯:২৩
  • ২৬

---

ইবি রিপোর্ট 

অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানো এবং নতুন আন্তর্জাতিক ক্রেতা খুঁজতে মেলবোর্নের আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে অংশ নিচ্ছে দেশের ১৪টি রপ্তানিমুখী প্রতিষ্ঠান। তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-এ তৈরি পোশাক, বস্ত্র ও গৃহসজ্জার সামগ্রীসহ বিভিন্ন পণ্য প্রদর্শন করছেন বাংলাদেশের উদ্যোক্তারা। এর মাধ্যমে অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরির প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) অস্ট্রেলিয়ার মেলবোর্ন কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছে এ আন্তর্জাতিক প্রদর্শনী। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। এতে বিশ্বের ২০টি দেশের ৯০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে নয়টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতায় এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় মেলায় যোগ দিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগে অংশ নিচ্ছে। এসব প্রতিষ্ঠানের মোট ২৩ জন প্রতিনিধি প্রদর্শনীতে অংশগ্রহণ করছেন।

মঙ্গলবার বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহান উদ্দীন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব তানভীর আহমেদ, রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব মো. বজলুর রশীদ এবং বাংলাদেশ হাইকমিশনের বাণিজ্যিক কাউন্সেলর রনি চাকমা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ এবং আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও যোগ দেন।

এবারের প্রদর্শনীতে তৈরি পোশাক, জুতা, ফ্যাশন অ্যাকসেসরিজ, বস্ত্র এবং গৃহসজ্জার সামগ্রীসহ বিভিন্ন খাতের পণ্য প্রদর্শিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের উৎপাদক, সরবরাহকারী, আমদানিকারক ও ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করছে এই আয়োজন।

মেলায় ইপিবির একটি পৃথক স্টলও রয়েছে। সেখানে বাংলাদেশের রপ্তানি খাতসংশ্লিষ্ট বিভিন্ন প্রকাশনা, সাময়িকী, জার্নাল এবং তথ্য-উপাত্তভিত্তিক দলিল প্রদর্শন ও বিতরণ করা হচ্ছে। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতা ও দর্শনার্থীদের কাছে দেশের রপ্তানি সক্ষমতা, পণ্যের বৈচিত্র্য এবং সম্ভাবনাময় খাতগুলো তুলে ধরা হচ্ছে।

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের উৎপাদন সক্ষমতা ও রপ্তানি সম্ভাবনা তুলে ধরতে প্রদর্শনীর ‘লার্নিং ল্যাব’-এ একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে বাংলাদেশের রপ্তানি পণ্যের বৈচিত্র্য এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের সুযোগ নিয়ে আলোচনা করা হয়।

মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো বিদেশি ক্রেতা, বিপণনকারী, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি বিজনেস-টু-বিজনেস (বি-টু-বি) বৈঠকে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে নতুন ক্রেতা পাওয়া, রপ্তানি আদেশ অর্জন এবং আন্তর্জাতিক ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে তোলা সম্ভব হবে। বিশেষ করে অস্ট্রেলিয়া ও ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং তৈরি পোশাকশিল্পের অবস্থান আরও সুসংহত করতে এ আয়োজন সহায়ক হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22978 ,   Print Date & Time: Wednesday, 18 November 2026, 08:17:00 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh