• হোম > অর্থনীতি | জাতীয় > চার দাতব্য প্রতিষ্ঠানে ৫৪৭ কোটি ডলারের শেয়ার দিচ্ছেন বাফেট

চার দাতব্য প্রতিষ্ঠানে ৫৪৭ কোটি ডলারের শেয়ার দিচ্ছেন বাফেট

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৯:০৭
  • ১৪

---

ইবি রিপোর্ট 

নিজের সম্পদের বড় অংশ দাতব্য কাজে ব্যয় করার পরিকল্পনা বাস্তবায়নে আরও এক ধাপ এগোলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিনিয়োগকারী ওয়ারেন বাফেট। এবার প্রায় ৫৪৭ কোটি ডলার বা ৫ দশমিক ৪৭ বিলিয়ন ডলার মূল্যের বার্কশায়ার হ্যাথাওয়ের শেয়ার চারটি দাতব্য প্রতিষ্ঠানে দান করছেন তিনি। এসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন তার তিন সন্তান।

সোমবার (১৬ নভেম্বর) বার্কশায়ার হ্যাথাওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বাফেট তার মালিকানাধীন ৬ হাজার ১৫০টি ক্লাস এ শেয়ারকে ৯২ লাখ ২৫ হাজার ক্লাস বি শেয়ারে রূপান্তর করে দান করবেন।

চারটি প্রতিষ্ঠানের মধ্যে দ্য সুসান থম্পসন বাফেট ফাউন্ডেশন পাবে ৩৬ লাখ ৯০ হাজার শেয়ার। বাকি তিনটি প্রতিষ্ঠান—দ্য শেরউড ফাউন্ডেশন, দ্য হাওয়ার্ড জি বাফেট ফাউন্ডেশন এবং নোভো ফাউন্ডেশন প্রত্যেকে পাবে ১৮ লাখ ৪৫ হাজার করে শেয়ার।

এই অনুদানের পর বার্কশায়ার হ্যাথাওয়েতে বাফেটের মালিকানায় থাকবে ১ লাখ ৮২ হাজার ১৪০টি ক্লাস এ শেয়ার এবং ১ হাজার ১৬২টি ক্লাস বি শেয়ার।

বাফেট জানিয়েছেন, এই দান তার আগে ঘোষিত পরিকল্পনারই অংশ। বার্কশায়ারের সব শেয়ার শেষ পর্যন্ত চারটি ফাউন্ডেশনে দান করার লক্ষ্য রয়েছে তার। এসব প্রতিষ্ঠানের অনুদানের পরিমাণ প্রতিবছর বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। তবে শেয়ারবাজারের পরিস্থিতির ওপর এই লক্ষ্য অর্জনের বিষয়টি অনেকাংশে নির্ভর করবে।

তিনি বলেন, তার সন্তানরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জনকল্যাণমূলক কাজে চিন্তাভাবনা করে অর্থ ব্যয় করে আসছেন। তাদের দক্ষতা ও দায়িত্ববোধের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে।

বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান ইমেরিটাস হিসেবে দায়িত্ব পালন করছেন বাফেট। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে সরে দাঁড়ান তিনি। এরপরও কোম্পানিটির ভবিষ্যৎ ও নেতৃত্বের প্রতি নিজের আস্থার কথা জানিয়েছেন এই বিনিয়োগকারী।

চারটি ফাউন্ডেশনে এবারের অনুদানের পর এসব প্রতিষ্ঠানে বাফেটের মোট শেয়ার দানের পরিমাণ ২৯ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। এর আগে তিনি বিল গেটস ফাউন্ডেশনেও ৪৭ বিলিয়ন ডলারের বেশি মূল্যের শেয়ার দান করেছেন। তবে গত বছর থেকে ওই ফাউন্ডেশনে নতুন করে অনুদান দেওয়া বন্ধ করেছেন তিনি। এখন সন্তানদের পরিচালিত প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে জনকল্যাণমূলক কাজ এগিয়ে নেওয়ার দিকে মনোযোগ দিচ্ছেন।
বাফেটের পরিকল্পনা অনুযায়ী, ২০৩৪ সালের শেষ নাগাদ বার্কশায়ার হ্যাথাওয়ের সব শেয়ার দাতব্য প্রতিষ্ঠানগুলোর কাছে হস্তান্তর করা হবে। তার সন্তানরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।

এদিকে নিজের বক্তব্যে মানুষের প্রতি সহানুভূতি ও সহযোগিতার গুরুত্বও তুলে ধরেছেন বাফেট। তার ভাষায়, মানুষের প্রতি দয়া ও ভালো কাজের প্রভাব সময়ের সঙ্গে আরও বাড়তে থাকে। যারা কোনো প্রত্যাশা ছাড়াই তাকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি অন্যদেরও এমন ভালো কাজের স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22972 ,   Print Date & Time: Tuesday, 17 November 2026, 07:08:58 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh