ইবি রিপোর্ট
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রমের পাশাপাশি বিপুল পরিমাণ অর্থ ও সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এখন পর্যন্ত পরিবারের সদস্যদের ১৫৬টি ব্যাংকে থাকা ১ হাজার ৪৫ কোটি ২৫ লাখ টাকা জব্দ করা হয়েছে। এ ছাড়া জমি, বাড়ি ও ফ্ল্যাটসহ বিভিন্ন স্থাবর সম্পত্তিও ক্রোক করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুদকের সচিব মো. সাইদুর রহমান খান।
দুদক সচিব জানান, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এখন পর্যন্ত মোট ২৪টি মামলা করেছে কমিশন। এর মধ্যে ১৭টি মামলার তদন্ত চলছে। সাতটি মামলায় ইতোমধ্যে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। পাশাপাশি ছয়টি মামলার রায় হয়েছে। এসব রায় মূলত ঢাকার পূর্বাচল এলাকায় প্লট বরাদ্দসংক্রান্ত।
তিনি আরও জানান, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা ২৪টি মামলার মধ্যে ১৭টি পদের অপব্যবহারের অভিযোগে করা হয়েছে। মামলাগুলোর তদন্ত ও বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে আর্থিক সম্পদের পাশাপাশি স্থাবর সম্পত্তিও জব্দের আওতায় আনা হয়েছে।
দুদকের দেওয়া তথ্য অনুযায়ী, পূর্বাচল এলাকায় ৬০ কাঠা জমি ক্রোক করা হয়েছে। এসব জমির দলিলমূল্য এক কোটি ৮০ লাখ টাকা। এ ছাড়া একটি বিলাসবহুল বাড়ি এবং নয়টি অভিজাত ফ্ল্যাট জব্দ করা হয়েছে।
এর পাশাপাশি পরিবারের সদস্যদের নামে থাকা ২০৪ দশমিক ১৬ শতক জমিও ক্রোক করেছে কমিশন। এসব জমির দলিলমূল্য ১৫ কোটি ৩৩ লাখ ৮৬ হাজার ৮৮০ টাকা।
স্থাবর সম্পত্তির বাইরে ব্যাংকে জমা থাকা অর্থসহ অন্যান্য অস্থাবর সম্পদ জব্দের পদক্ষেপ নিয়েছে দুদক। কমিশনের তথ্য অনুযায়ী, পরিবারের সদস্যদের ১৫৬টি ব্যাংকে থাকা মোট ১ হাজার ৪৫ কোটি ২৫ লাখ টাকা জব্দ করা হয়েছে।
এ ছাড়া সংশ্লিষ্ট ১৫ জনের ইমিগ্রেশন ব্লক করা হয়েছে। চারজনের নামে রেড নোটিশ পাঠানো হয়েছে। তারা হলেন শেখ হাসিনা, সায়মা ওয়াজেদ পুতুল, সজীব ওয়াজেদ জয় এবং টিউলিপ।
সংবাদ সম্মেলনে দুদক সচিব জানান, মামলার অগ্রগতি, সম্পদ জব্দ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের তথ্য কমিশনের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে। বর্তমানে ১৭টি মামলার তদন্ত চলমান রয়েছে। অন্যদিকে সাতটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে এবং ছয়টি মামলার রায় হয়েছে।