![]()
ইবি রিপোর্ট
দেশের গণপরিবহন ব্যবস্থায় পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়াতে আগামী তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস আমদানির পরিকল্পনা নিয়েছে সরকার। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বহরে যুক্ত হতে যাওয়া এসব বাসের মধ্যে প্রাথমিকভাবে ২০০টি ঢাকায় চালানোর পরিকল্পনা রয়েছে। এর একটি অংশ শুধু নারী যাত্রীদের জন্য সংরক্ষিত থাকবে। পাশাপাশি বৈদ্যুতিক বাস পরিচালনার উপযোগী নারী চালক তৈরিতেও প্রশিক্ষণ কার্যক্রম চালু করতে যাচ্ছে সংস্থাটি।
বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক সরকারের এ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, গণপরিবহন সেবার মান উন্নয়নের লক্ষ্যেই বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, ঢাকায় প্রথম পর্যায়ে ৫০টি বৈদ্যুতিক বাস আনা হবে। এরপর আগামী ফেব্রুয়ারির মধ্যে আরও ১০০টি বাস আসার কথা রয়েছে। রাজধানীর জন্য মোট ২০০টি বাসের বহর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। অবশিষ্ট বাসগুলো দেশের বিভিন্ন অঞ্চলের রুটে পরিচালনা করা হবে।
ঢাকার জন্য পরিকল্পিত বাসগুলোর মধ্যে ৫০টি গোলাপি রঙের হবে। এসব বাসে কেবল নারী যাত্রীরা চলাচল করতে পারবেন। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতেই এই ব্যবস্থা রাখা হচ্ছে। অন্যদিকে, ৫০টি লাল রঙের বাস সাধারণ পরিবহন হিসেবে ব্যবহৃত হবে। এসব বাসে নারী ও পুরুষ উভয়েই যাতায়াত করতে পারবেন।
বাসগুলোর দৈর্ঘ্যেও পার্থক্য থাকবে। নারী যাত্রীদের জন্য নির্ধারিত গোলাপি বাস হবে ৯ মিটার দীর্ঘ। আর সাধারণ যাত্রীদের জন্য লাল বাসগুলোর দৈর্ঘ্য হবে ১২ মিটার। তবে এসব বাসে কতটি আসন থাকবে, তা এখনো চূড়ান্ত হয়নি। বাসের আকার ও ভেতরের আসন বিন্যাস বিবেচনা করে আসনসংখ্যা নির্ধারণ করা হবে।
বৈদ্যুতিক বাসের কার্যক্রম সচল রাখতে ঢাকায় রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় কারিগরি সুবিধার জন্য পর্যাপ্ত জায়গা বরাদ্দের পরিকল্পনাও রয়েছে সরকারের। এই উদ্যোগের মাধ্যমে প্রচলিত জ্বালানির ব্যবহার কমানোর পাশাপাশি বায়ুদূষণ হ্রাস এবং রাজধানীসহ দেশের অন্যান্য এলাকায় টেকসই ও যাত্রীবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।
সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিভিন্ন রুটে ইতোমধ্যে পিংক বাস চালু করা হয়েছে। এবার শীতাতপ নিয়ন্ত্রিত বৈদ্যুতিক পিংক বাস সার্ভিস চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিআরটিসির জেনারেল ম্যানেজার (আইসিডব্লিউএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতিমা বেগম জানান, নতুন বাস পরিচালনার জন্য নারী চালক তৈরিতে শিগগিরই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। যেসব নারীর হালকা যানবাহন চালানোর লাইসেন্স রয়েছে, তাদের ভারী যানবাহন চালানোর উপযোগী করে প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রাথমিকভাবে নির্বাচিত নারী চালকদের বিনামূল্যে ১ থেকে ৪ মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। ফাতিমা বেগম বলেন, ‘নারীদের জন্য নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে চায় সরকার। এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে বিআরটিসি ইতোমধ্যেই নারীদের জন্য নারী চালক পরিচালিত পিংক বাস সার্ভিস চালু করেছে। আরও উন্নত সেবা সম্প্রসারণের লক্ষ্যে আমরা নারীদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত ইভি পিংক বাস সার্ভিস চালু করতে যাচ্ছি।’
তিনি জানান, পিংক বাস চালুর পর যাত্রীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এই সেবা মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে না। মহানগরীসহ সারাদেশে নারীদের জন্য নিরাপদ যাতায়াতের পরিবেশ তৈরি করাই এর প্রধান উদ্দেশ্য। বর্তমানে রক্ষণশীল পরিবারের সদস্যরাও নারীদের গাড়ি চালানোর প্রশিক্ষণ নিতে উৎসাহিত করছেন, যাতে তারা দক্ষ চালক হয়ে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পান।
ফাতিমা বেগম আরও বলেন, বিভিন্ন জরিপে নারী চালকদের পুরুষ চালকদের তুলনায় বেশি সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর তথ্য পাওয়া গেছে। তাঁর ভাষ্য, ‘বাংলাদেশের মতো পুরুষতান্ত্রিক মানসিকতা প্রধান সমাজে নারী চালক ও সহকারী দ্বারা পরিচালিত গণপরিবহনে নারী যাত্রীরা বেশি নিরাপদ ও স্বাচ্ছন্দ্য বোধ করেন। এ বিষয়টি বিবেচনায় নিয়েই সরকার পিংক বাস সার্ভিস চালু করেছে এবং ভবিষ্যতে এ সেবা আরও সম্প্রসারণ করা হবে।’
সড়ক নিরাপত্তা বাড়ানোর বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ উদ্দেশ্যে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে বিআরটিসি বিশেষ করে তরুণদের দক্ষ চালক হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ দিচ্ছে।
বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ রোড সেফটি প্রকল্প এবং এডিবির অর্থায়নে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সিসিপ) নামে দুটি পৃথক প্রকল্পের আওতায় নতুন চালকদের বিনামূল্যে হালকা যানবাহন চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই দুই প্রকল্পে প্রায় ৬৮ হাজার মানুষকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। ইতোমধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নারী এই প্রশিক্ষণ নিয়ে দেশে ও বিদেশে কাজের সুযোগ পেয়েছেন।
বিআরটিসির গাজীপুর প্রশিক্ষণ ইনস্টিটিউটের ব্যবস্থাপক মুহাম্মদ মাশিউজ্জামান জানান, ভারী যানবাহন চালানোর প্রশিক্ষণ শেষে রোড পারফরম্যান্স টেস্টে উত্তীর্ণদের প্রয়োজন অনুযায়ী দৈনিক মজুরির ভিত্তিতে চালক হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। এ ক্ষেত্রে করপোরেশনের বিদ্যমান প্রশাসনিক ও আর্থিক বিধিবিধান অনুসরণ করা হবে।
ভবিষ্যতে বিআরটিসিতে স্থায়ী চালক নিয়োগের ক্ষেত্রেও প্রশিক্ষণপ্রাপ্ত এসব প্রার্থী অগ্রাধিকার পেতে পারেন। তবে স্থায়ী পদে নিয়োগের জন্য তাদের আনুষ্ঠানিক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়ে সংশ্লিষ্ট যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।