• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > ডিএফসির অর্থায়নে কম সুদে ঋণের সুযোগ পাচ্ছে বাংলাদেশ

ডিএফসির অর্থায়নে কম সুদে ঋণের সুযোগ পাচ্ছে বাংলাদেশ

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৭:১৭
  • ২২

---

ইবি রিপোর্ট 

ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়নের যোগ্য দেশ হিসেবে সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এখন থেকে দেশের সরকারি ও বেসরকারি খাতের উপযুক্ত প্রকল্পগুলো সংস্থাটির অর্থায়নের জন্য আবেদন করতে পারবে।

ডিএফসি সরাসরি ঋণ দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক ঋণদাতাদের দেওয়া ঋণের বিপরীতে গ্যারান্টি ও বিমা সুরক্ষা দিতে পারে। এতে ঋণদাতাদের কাছে বাংলাদেশের প্রকল্পের ঝুঁকি কম বলে বিবেচিত হওয়ার সুযোগ তৈরি হবে। ফলে ঋণের সুদের হার ও পরিশোধের মেয়াদ নিয়ে দর-কষাকষিতে সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বড় অবকাঠামো প্রকল্প, জ্বালানি, প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্যসেবা ও আর্থিক খাতে বিনিয়োগের জন্য বিদেশি অর্থ সংগ্রহ সহজ হতে পারে। পাশাপাশি অর্থায়নের অভাবে আটকে থাকা বাণিজ্যিকভাবে লাভজনক প্রকল্প বাস্তবায়নের পথও সুগম হতে পারে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলা ট্রিবিউনকে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, অর্থনৈতিক চাপের সময়ে অর্থায়নের নতুন একটি উৎস পাওয়া গেছে। ডিএফসি থেকে সরাসরি বড় অঙ্কের ঋণ বা বিনিয়োগ না এলেও প্রতিষ্ঠানটির বিমা সুরক্ষা ও গ্যারান্টির কারণে অন্য উৎস থেকে বড় বিনিয়োগ এবং ঋণ সংগ্রহ সহজ হতে পারে।

তিনি আরও বলেন, ডিএফসির মতো প্রতিষ্ঠান বাংলাদেশের সঙ্গে থাকলে আন্তর্জাতিক ঋণদাতাদের কাছে ঋণের ঝুঁকি তুলনামূলক কম মনে হবে। এতে ঋণের মেয়াদ বাড়ানো এবং সুদের হার কমানোর বিষয়ে আলোচনার সুযোগ তৈরি হবে।

যেভাবে কম সুদে ঋণের সুযোগ তৈরি হবে

বিদেশি ঋণদাতারা কোনো দেশ বা প্রকল্পে অর্থায়নের আগে ঋণ ফেরত পাওয়ার সম্ভাব্য ঝুঁকি মূল্যায়ন করে। রাজনৈতিক অস্থিরতা, মুদ্রার বিনিময় হারের ওঠানামা, সরকারি হস্তক্ষেপসহ বিভিন্ন অনিশ্চয়তা ঋণের ঝুঁকি বাড়ায়। এতে ঋণের সুদের হার বাড়তে পারে। অনেক ক্ষেত্রে দীর্ঘমেয়াদি ঋণ দিতেও অনাগ্রহী হন ঋণদাতারা।

ডিএফসির গ্যারান্টি ও বিমা সুরক্ষা এসব ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে। কোনো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশকে ঋণ দেওয়ার ক্ষেত্রে ডিএফসির গ্যারান্টি পেলে ঋণ ফেরত পাওয়ার বিষয়ে তুলনামূলক বেশি আস্থা পেতে পারে। এতে ঋণের সুদের হার, পরিশোধের সময়সীমা এবং অন্যান্য শর্ত নিয়ে বাংলাদেশের দর-কষাকষির সুযোগ বাড়বে।

তবে ডিএফসির গ্যারান্টি পেলেই ঋণের সুদ নির্দিষ্ট হারে কমবে, এমন নিশ্চয়তা নেই। ঋণের পরিমাণ, প্রকল্পের আর্থিক সক্ষমতা, ঝুঁকি এবং অর্থায়নের শর্তের ওপর সুদের হার নির্ভর করবে।

সর্বোচ্চ ২৫ বছর মেয়াদি ঋণ দেবে ডিএফসি

গ্যারান্টি দেওয়ার পাশাপাশি ডিএফসি সরাসরি অর্থায়নও করতে পারে। সংস্থাটি সর্বোচ্চ ২৫ বছর মেয়াদি ঋণ দিয়ে থাকে। ফলে দীর্ঘমেয়াদি অবকাঠামো ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এ অর্থ ব্যবহার করা সম্ভব।

এ ছাড়া বেসরকারি প্রতিষ্ঠানে ইকুইটি বা মালিকানাভিত্তিক বিনিয়োগের সুযোগ রয়েছে। প্রচলিত ব্যাংক কিংবা বেসরকারি ঋণদাতাদের কাছ থেকে প্রয়োজনীয় অর্থায়ন না পাওয়া প্রতিষ্ঠানগুলোর উপযুক্ত প্রকল্পেও ঋণ ও বিনিয়োগ করতে পারে সংস্থাটি।

মুদ্রার বিনিময় হারের অস্থিরতা, রাজনৈতিক সহিংসতা, সরকারি হস্তক্ষেপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বিনিয়োগে ক্ষতির আশঙ্কা মোকাবিলায় বিমা সুরক্ষাও দেয় ডিএফসি। এতে বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের প্রকল্পগুলো আরও আকর্ষণীয় হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাত খাতে মিলতে পারে অর্থায়ন

ডিএফসির অগ্রাধিকারপ্রাপ্ত সাতটি খাত হলো—গুরুত্বপূর্ণ খনিজসম্পদ, অবকাঠামো ও লজিস্টিকস, জ্বালানি, প্রযুক্তি ও টেলিযোগাযোগ, কৃষি ও খাদ্যনিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং আর্থিক সেবা।

এসব খাতে নতুন প্রকল্প গ্রহণ কিংবা চলমান প্রকল্প সম্প্রসারণে বাংলাদেশ অর্থায়নের আবেদন করতে পারবে। বিদ্যুৎ ও জ্বালানি, বন্দর ও যোগাযোগ অবকাঠামো, কৃষি প্রক্রিয়াজাতকরণ, খাদ্য সংরক্ষণ, প্রযুক্তি এবং স্বাস্থ্যসেবা খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে।

ডিএফসির তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশে এ পর্যন্ত ৪০ বিলিয়ন ডলারের বেশি অর্থায়ন করেছে সংস্থাটি। বিভিন্ন প্রকল্পের ঝুঁকি মোকাবিলায় দিয়েছে ৭০ কোটি ডলারের গ্যারান্টি।

অর্থায়ন পেতে পূরণ করতে হবে যেসব শর্ত

যোগ্য দেশের তালিকায় বাংলাদেশের নাম যুক্ত হলেও সব প্রকল্প স্বয়ংক্রিয়ভাবে ঋণ বা গ্যারান্টি পাবে না। এ জন্য ডিএফসির নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।

প্রথমত, প্রকল্পটি অর্থায়নের আওতাভুক্ত কোনো দেশে অবস্থিত হতে হবে। পাশাপাশি পরিবেশ, শ্রমিক অধিকার, মানবাধিকার এবং স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থ সুরক্ষার বিষয়গুলো নিশ্চিত করতে হবে। প্রকল্পের বাণিজ্যিক সম্ভাবনা, আর্থিক সক্ষমতা ও উন্নয়নমূলক প্রভাবও যাচাই করা হবে।

এ ছাড়া প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট খাতে অভিজ্ঞতা, ব্যবস্থাপনাগত দক্ষতা এবং আর্থিক সক্ষমতার প্রমাণ থাকতে হবে। বেসরকারি উৎস থেকে প্রয়োজনীয় অর্থায়ন সংগ্রহের চেষ্টা করা হয়েছিল কি না, সেটিও বিবেচনা করবে ডিএফসি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22954 ,   Print Date & Time: Tuesday, 17 November 2026, 07:28:18 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh