![]()
ইবি রিপোর্ট
মহান বিজয় দিবস উদযাপন নির্বিঘ্ন করতে জাতীয় স্মৃতিসৌধসহ দেশের সব অনুষ্ঠানস্থলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধের প্রবেশপথ ও আশপাশের এলাকায় পর্যাপ্ত সিসি ও আইপি ক্যামেরা বসানো হবে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হবে।
বিজয় দিবসের কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালনের প্রস্তুতির অংশ হিসেবে সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে আয়োজিত এ সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নিরাপত্তা নিশ্চিত করা এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নেওয়া জাতীয় কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় পরিকল্পনাও চূড়ান্ত করা হয়। সভার সিদ্ধান্তগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজয় দিবসের বিভিন্ন আয়োজন ঘিরে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে এসবিসহ অন্যান্য গোয়েন্দা সংস্থাকে আরও সতর্ক থেকে নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি অনুষ্ঠানস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত নিরাপত্তাবলয় গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, দেশি-বিদেশি ভিভিআইপি এবং সাধারণ মানুষের যাতায়াত ও শ্রদ্ধা নিবেদনের সময় বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হবে। স্মৃতিসৌধ এলাকা এবং সেখানে প্রবেশের পথগুলোতে পর্যাপ্ত সিসি ও আইপি ক্যামেরা স্থাপন করা হবে। এসব ক্যামেরা ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং সংশ্লিষ্ট পুলিশ কন্ট্রোলরুমের সঙ্গে সংযুক্ত থাকবে।
এদিকে বঙ্গভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে আসা অতিথিদের শরীর ও যানবাহনে তল্লাশি চালানোসহ প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের অন্যান্য স্থানে বিজয় দিবসের অনুষ্ঠান ঘিরেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতেও পৃথক পরিকল্পনা নেওয়া হয়েছে। ঢাকা থেকে সাভার যাওয়ার প্রধান সড়ক এবং জাতীয় স্মৃতিসৌধের আশপাশের এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা হবে। পাশাপাশি জরুরি সেবা প্রস্তুত রাখতে জাতীয় স্মৃতিসৌধসহ বিভিন্ন অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় জনবলসহ অগ্নিনির্বাপণী গাড়ি মোতায়েন থাকবে।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারাও সভায় অংশ নেন।