• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > ফিজির বাজারে বাংলাদেশি পোশাক ও পাটপণ্যের নতুন সম্ভাবনা

ফিজির বাজারে বাংলাদেশি পোশাক ও পাটপণ্যের নতুন সম্ভাবনা

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৭:০৯
  • ১৮

---

ইবি রিপোর্ট 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ফিজির অনাবাসিক হাইকমিশনার জগন্নাথ সামি। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ এবং জনশক্তি বিনিময়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, হাইকমিশনারের দেওয়া তথ্য অনুযায়ী, ফিজির জনসংখ্যা প্রায় ৯ লাখ ৩০ হাজার। প্রতিবছর দেশটিতে ১০ লাখের বেশি পর্যটক ভ্রমণ করেন। পর্যটন ও হোটেল খাতের চাহিদা মেটাতে ফিজিকে প্রায় ৫০ শতাংশ খাদ্যপণ্য আমদানি করতে হয়।

এ কারণে ফলমূল ও শাকসবজি উৎপাদন, খাদ্য প্রক্রিয়াকরণ এবং মৎস্য খাতে বাংলাদেশি উদ্যোক্তাদের বিনিয়োগের সুযোগ রয়েছে বলে বৈঠকে জানানো হয়।

ফিজিতে বিনিয়োগের মাধ্যমে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে শুল্কমুক্ত অথবা অগ্রাধিকারমূলক সুবিধায় পণ্য প্রবেশের সুযোগ রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেশটিতে কর অবকাশ সুবিধাও দেওয়া হচ্ছে।

এ ছাড়া প্লাস্টিকের বিকল্প পরিবেশবান্ধব পণ্যের চাহিদা বাড়তে থাকায় বাংলাদেশের পাটজাত পণ্য ও ব্যাগ রপ্তানির সম্ভাবনা তৈরি হয়েছে। তৈরি পোশাকের পাশাপাশি এসব পণ্য ফিজির বাজারে সম্প্রসারণের সুযোগ রয়েছে বলে আলোচনায় উঠে আসে।

ফিজিতে দক্ষ ও আধাদক্ষ কর্মীর ঘাটতিও রয়েছে। দেশটির অনেক দক্ষ কর্মী উন্নত আয়ের আশায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চলে যাওয়ায় বিভিন্ন খাতে কর্মীর চাহিদা তৈরি হয়েছে।

বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের বিষয়ে দুই দেশের মধ্যে শ্রম স্থানান্তরসংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কর্মীদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদেরও ফিজিতে বসবাসের সুযোগ দেওয়ার বিষয়ে দেশটির ইতিবাচক অবস্থানের কথা জানান হাইকমিশনার।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর জোর দেন। এ লক্ষ্যে উভয় দেশের চেম্বার অব কমার্সের মধ্যে সংযোগ স্থাপন এবং ব্যবসায়ীদের সরাসরি আলোচনার জন্য বিজনেস-টু-বিজনেস (বিটুবি) বৈঠক আয়োজনের প্রস্তাব দেন তিনি।

দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনতে যৌথ বাণিজ্য কমিশন গঠন অথবা বাণিজ্যবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়েও দুই পক্ষ একমত হয়েছে।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22949 ,   Print Date & Time: Tuesday, 17 November 2026, 07:40:15 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh