• হোম > আন্তর্জাতিক অর্থনীতি | জাতীয় > এপস্টেইন সংশ্লিষ্ট ৫৮২ মিলিয়ন ডলারের লেনদেনে চাপে ডয়েচে ব্যাংক

এপস্টেইন সংশ্লিষ্ট ৫৮২ মিলিয়ন ডলারের লেনদেনে চাপে ডয়েচে ব্যাংক

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৭:০০
  • ৩৪

---

ইবি আন্তর্জাতিক ডেস্ক 

মঙ্গলবার ফ্রাঙ্কফুর্টের শেয়ারবাজারে লেনদেন শুরুর পর ডয়েচে ব্যাংকের শেয়ারদর একপর্যায়ে ৪ দশমিক ৭ শতাংশ পর্যন্ত কমে যায়। আন্তর্জাতিক গণমাধ্যমের অনুসন্ধানে প্রতিষ্ঠানটির ঝুঁকি ব্যবস্থাপনা, আর্থিক অপরাধ প্রতিরোধ এবং পরিচালন কাঠামোর দীর্ঘদিনের দুর্বলতার তথ্য উঠে এসেছে।

ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়াত অর্থলগ্নিকারী ও যৌন অপরাধে দণ্ডিত জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহজনক ৫৮২ মিলিয়ন ডলারের লেনদেন পরিচালনা করেছে ডয়েচে ব্যাংক। আগে প্রকাশিত তথ্যের তুলনায় এই অঙ্ক অনেক বেশি। তবে সন্দেহজনক হিসেবে চিহ্নিত হওয়া মানেই প্রতিটি লেনদেন অপরাধমূলক ছিল, এমন নয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১৭ সালের মার্চে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করসংক্রান্ত তথ্য অনিচ্ছাকৃতভাবে ফাঁস করেছিল ব্যাংকটি। ওই সময় ডয়েচে ব্যাংকের ব্যক্তিগত ব্যাংকিং বিভাগের প্রধান ছিলেন বর্তমান প্রধান নির্বাহী ক্রিশ্চিয়ান জেভিং। ঘটনাটিকে তিনি ‘ভয়াবহ ভুল’ বলে অভিহিত করেছিলেন। তবে বিষয়টি হোয়াইট হাউসের কাছ থেকে গোপন রাখা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দুই শতাধিক সাংবাদিকের অংশগ্রহণে পরিচালিত আন্তর্জাতিক অনুসন্ধানে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভার কার্যবিবরণী, ই-মেইল এবং অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনসহ বিভিন্ন নথি পরীক্ষা করা হয়েছে। এসব নথিতে গত দুই দশকে প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগে ঝুঁকি ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণব্যবস্থার ঘাটতির তথ্য পাওয়া গেছে।

অনুসন্ধানে আরও উঠে এসেছে, ২০১৮ সালের শুরুতে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত প্রায় ২৮ হাজার বিনিয়োগ ব্যাংকিং গ্রাহকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু ব্যাংকটি তাঁদের সঙ্গে পুরোপুরি সম্পর্ক শেষ করেনি। ২০২১ সালে ব্যয়সংক্রান্ত লক্ষ্যমাত্রা নিয়ে তথ্য গোপনের অভিযোগও রয়েছে। পাশাপাশি রাশিয়ার কয়েকজন প্রভাবশালী ধনকুবেরের সঙ্গে ব্যাংকটির যোগাযোগ এবং অর্থপাচারের আশঙ্কা তৈরি করতে পারে—এমন কিছু লেনদেনের তথ্য সামনে এসেছে।

নতুন তথ্য প্রকাশের পর প্রতিষ্ঠানটির ঝুঁকি নিয়ন্ত্রণ ও পরিচালনব্যবস্থা নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। ফিন্যান্সিয়াল টাইমসের তথ্য অনুযায়ী, বাজার কারসাজি, অর্থপাচার, ভুলভাবে আর্থিক পণ্য বিক্রি এবং বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগসহ বিভিন্ন ঘটনায় ২০১২ সাল থেকে ডয়েচে ব্যাংক প্রায় ১৮ দশমিক ৬ বিলিয়ন ইউরো জরিমানা ও সমঝোতার অর্থ হিসেবে পরিশোধ করেছে।

তবে এসব অভিযোগের বিষয়ে এক বিবৃতিতে ডয়েচে ব্যাংক বলেছে, গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসা অধিকাংশ ঘটনাই বহু বছর আগের। সংশ্লিষ্ট সময়ে প্রয়োজন অনুযায়ী বিষয়গুলো পর্যালোচনা করা হয়েছে এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে কাজ করেছে প্রতিষ্ঠানটি।

ব্যাংকটি আরও জানিয়েছে, প্রধান নির্বাহী ক্রিশ্চিয়ান জেভিংয়ের নেতৃত্বে প্রতিষ্ঠানটির কাঠামোয় মৌলিক পরিবর্তন আনা হয়েছে। ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে ঝুঁকি নিয়ন্ত্রণব্যবস্থা শক্তিশালী করতে ৭ বিলিয়ন ইউরো বিনিয়োগ করেছে তারা।

এ ছাড়া ২০২৫ সালে এবং সাম্প্রতিক কয়েকটি প্রান্তিকে রেকর্ড মুনাফা অর্জনের বিষয়টিও তুলে ধরেছে ব্যাংকটি। তাদের বক্তব্য, বর্তমান ডয়েচে ব্যাংকের অবস্থান আগের সময়ের তুলনায় ভিন্ন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22948 ,   Print Date & Time: Tuesday, 17 November 2026, 07:50:21 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh